সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি
০২ সেপ্টেম্বর, ২০২৬, 4:40 PM
NL24 News
০২ সেপ্টেম্বর, ২০২৬, 4:40 PM
সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি
মনিরুজ্জামান মনি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামে এক কৃষকের হাঁস-মুরগির ঘরে ঢুকে পড়া বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। অজগরটি সুন্দরবন থেকে লোকালয়ে চলে এসে ওই ঘরে ঢুকে ছয়টি হাঁস-মুরগি গিলে খেয়েছে বলে জানা গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বুড়িগোয়ালিনী গ্রামের আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালে মুক্তার গাজীর স্ত্রী হাঁস-মুরগি বের করে দেওয়ার জন্য হাঁস-মুরগির ঘরের দরজা খুলতে যান। এ সময় প্রথমে একটি মৃত মুরগি দেখতে পান। পরে মুরগির ঘরের ভেতরে বিশাল আকৃতির একটি অজগরকে কুণ্ডলী পাকিয়ে থাকতে দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে ভয় পেয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।
পরে বিষয়টি স্থানীয় সিপিজি সদস্যদের জানানো হলে তারা বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে খবর দেন। খবর পেয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সতর্কতার সঙ্গে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ফরেস্ট স্টেশনে নিয়ে যাওয়া হয়।
মুক্তার গাজী জানান, অজগরটি হাঁস - মুরগির ঘরে ঢোকার পর তার ছয়টি হাঁস-মুরগি খেয়ে ফেলেছে। সকালে হাঁস-মুরগি ঘরের দরজা খুলতে গিয়ে এত বড় সাপ দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, অজগরটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অজগরটিকে সুন্দরবনের গভীর অরণ্যে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।
তিনি আরও বলেন, লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে সেটিকে হত্যা বা আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়া উচিত। বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন তিনি।