সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬, 2:32 PM
NL24 News
১৯ সেপ্টেম্বর, ২০২৬, 2:32 PM
সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
মনিরুজ্জামান মনি : দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা এবং দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতাসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরায় জেলা দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করে সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম। সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক শেখ মাহাবুব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্য সচিব মো. নাসির উদ্দীন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দলিল লেখকদের ন্যায়সংগত বিভিন্ন অধিকার ও দাবি উপেক্ষিত হয়ে আসছে। দলিল রেজিস্ট্রেশন ব্যবস্থার আধুনিকায়নের নামে যাতে দলিল লেখকদের পেশা থেকে সরিয়ে দেওয়া না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
সমাবেশ থেকে সংগঠনের পক্ষ থেকে ৭ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।
২. প্রতিটি দলিলের জন্য ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান করতে হবে।
৩. লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কোনো ব্যক্তি দলিল লেখা বা মুসাবিদা করতে পারবেন না এবং দলিল রেজিস্ট্রির জন্য দাখিল করতে পারবেন না—এ মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৪. উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া নতুন কোনো দলিল লেখকের লাইসেন্স প্রদান করা যাবে না।
৫. সরকারি খরচে রেজিস্ট্রি অফিস কম্পাউন্ডে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ করতে হবে।
৬. দলিল লেখা বা মুসাবিদা করার কারণে দলিল লেখকদের আসামি করে কোনো মামলা করা যাবে না।
৭. দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান করতে হবে।
সমাবেশে সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটা ও শ্যামনগর উপজেলার দলিল লেখকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা সমিতির শীর্ষ নেতৃবৃন্দ ও ৭ দফা দাবি আদায় সংগ্রাম কমিটির নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
সমাবেশে বক্তারা ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জেলার সব দলিল লেখককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাবেশ সফল করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান আয়োজকরা।