ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি

#

৩০ আগস্ট, ২০২৬,  10:31 PM

news image

মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা: সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে আশাশুনি উপজেলা ফুটবল দল। রোমাঞ্চকর ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় আশাশুনি।
রোববার (৩০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে উভয় দল ১-১ গোলে সমতায় ছিল। ফলে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়।

খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ফাইনাল। ম্যাচের নবম মিনিটে আশাশুনি উপজেলা দলের ৯ নম্বর জার্সিধারী সজীব গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে আক্রমণ বাড়ায় কালিগঞ্জ। তবে প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আশাশুনি।

দ্বিতীয়ার্ধেও দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ৫৫ মিনিটে কালিগঞ্জের বিদেশি খেলোয়াড় গোলের ভালো সুযোগ পেলেও আশাশুনির গোলরক্ষক জি কে শান্ত দক্ষতার সঙ্গে তা প্রতিহত করেন। এতে নিশ্চিত গোল থেকে রক্ষা পায় আশাশুনি।

ম্যাচের ৮৫ মিনিটে কালিগঞ্জের ১০ নম্বর জার্সিধারী আল আমিন গোল করে খেলায় সমতা ফেরান। এরপর ৮৮ মিনিটে আশাশুনির সজীবের শট রুখে দেন কালিগঞ্জের গোলরক্ষক নাঈম। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় ম্যাচ শেষ হয়।
টাইব্রেকারে আশাশুনির হয়ে পাঁচটি শটই জালে জড়ায়। অন্যদিকে কালিগঞ্জের একটি শট আশাশুনির গোলরক্ষক জি কে শান্ত ঠেকিয়ে দেন। ফলে টাইব্রেকারে ৫-৩ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় আশাশুনি উপজেলা দল।

ফাইনালকে ঘিরে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। রৌদ্রোজ্জ্বল বিকেলে গ্যালারি পরিণত হয় দর্শকসমুদ্রে। দুই দলের সমর্থকদের মুহুর্মুহু করতালি ও উচ্ছ্বাসে পুরো স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মধ্যবিরতিতে দর্শকদের বিনোদনের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

ফাইনাল ম্যাচ পরিচালনা করেন তরুণ প্রজন্মের রেফারি আবু সুফিয়ান। সহকারী রেফারি ছিলেন নাসির উদ্দীন ও জাহাঙ্গীর কবির। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মিজানুর রহমান। ম্যাচ কমিশনার ছিলেন আতাউর রহমান। মাঠে ধারাভাষ্যে ছিলেন ওলিউর রহমান, ইসমাইল হোসেন মিলন ও আশরাফ হোসেন।

ফাইনাল শেষে বিজয়ী আশাশুনি উপজেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অন্যদিকে দুর্দান্ত লড়াই করেও রানার্সআপ হয় কালিগঞ্জ উপজেলা দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম