ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ক্লাসে ফিরতে চান চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা, দিলেন যে শর্ত সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা পে-স্কেল: বেতন বিল দাখিল নিয়ে উদ্বেগে সরকারি কর্মচারীরা তাবলিগের কাকরাইল মারকাজের মুরুব্বি সাইফুদ্দিন মারা গেছেন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

#

নিজস্ব প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২৬,  2:01 PM

news image

ষ্ট্রকাঠামোর সংস্কার না হলে ক্ষমতায় যিনিই আসুন, তিনি আরেকজন শেখ হাসিনা হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার কাঠামো পরিবর্তন না করে শুধু চালক পরিবর্তন করলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।


সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে মুন্সিগঞ্জ শহরের কাচারী রয়েল পার্টি সেন্টারে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভার আগে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, ‘ড্রাইভার পরিবর্তন হয়েছে, কিন্তু মেশিনটা পরিবর্তন হয়নি। সেই মেশিন পরিবর্তন না করলে সবচেয়ে ভালো ড্রাইভার দিয়েও গাড়ি সঠিক দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে না।’


তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছিল। এখনো বিভিন্ন ক্ষেত্রে সেই প্রবণতা দেখা যাচ্ছে। সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে রাষ্ট্রকাঠামোর মৌলিক পরিবর্তন না আনলে বর্তমান ব্যবস্থার ধারাবাহিকতা বজায় থাকবে।


শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা দেখছেন না উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতাকে শুধু দলটির নিজস্ব রাজনৈতিক কার্যক্রম হিসেবে দেখলে ভুল হবে। ভারত বাংলাদেশকে নানামুখী চাপে রাখতে আওয়ামী লীগকে ব্যবহার করে এসব তৎপরতা চালাচ্ছে। 


তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শুধু তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেই হবে না, প্রধান উপদেষ্টা ও পুরো পরিষদ গঠনের প্রক্রিয়াও নির্ধারণ করতে হবে। সর্বদলীয় মতামতের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশনে গৃহীত প্রস্তাব অনুযায়ী এ সরকার গঠন করতে হবে। কোনো দল নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের চেষ্টা করলে এনসিপি সেই প্রক্রিয়ায় অংশ নেবে না এবং তা বাস্তবায়ন করতে দেবে না।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আগামী ৩১ অক্টোবর ঢাকার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচির কথা জানান। তিনি বলেন, এ কর্মসূচির অন্যতম দাবি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ। তার অভিযোগ, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়েছে। পাশাপাশি গ্যাসসংকটসহ জ্বালানি খাতের বিপর্যয়ের দায় সংশ্লিষ্ট মন্ত্রীরা এড়াতে পারেন না।


নাহিদ বলেন, আগামী নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে। এ পরিস্থিতিতে এনসিপির প্রস্তাবিত ‘র‍্যাঙ্কড চয়েস’ পদ্ধতির ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ফর্মুলা পাস করার দাবি জানান তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের কারণে গ্রেফতার এবং সাংবাদিকদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, মানুষের কণ্ঠরোধের চেষ্টা চলছে। নতুন করে স্বৈরাচারী শাসনব্যবস্থা গড়ে ওঠার আগেই তা প্রতিরোধ করতে হবে। 


স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তার দাবি, প্রশাসক নিয়োগ ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। নির্বাচনে কোনো ধরনের কারসাজির চেষ্টা করা হলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।


মুন্সীগঞ্জের বিভিন্ন সমস্যা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, নদী ভরাট, অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিষয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলা হবে। সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলমসহ কেন্দ্রীয়  ও মুন্সীগঞ্জ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম