রংপুর কাস্টমসের জব্দকৃত চুরি যাওয়া মোটরসাইকেলসহ গ্রেফতার ১
০৫ অক্টোবর, ২০২৩, 10:39 AM
NL24 News
০৫ অক্টোবর, ২০২৩, 10:39 AM
রংপুর কাস্টমসের জব্দকৃত চুরি যাওয়া মোটরসাইকেলসহ গ্রেফতার ১
আবুল হোসেন বাবলুঃ গত ২৪ জুলাই রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় অফিস হতে তাদের জব্দকৃত একটি মোটরসাইকেল দুই বস্তা আজিজ বিড়ি ও ১৫৮৪ পিস ফেন্সি গুল সহ চুরি হয়। এ ঘটনার প্রেক্ষিতে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা রুজু হয়। মামলা নং -৫৪, তাং- ২৬/০৭/২০২৩ ধারা -৩৭৯ পেনাল কোড। এরই প্রেক্ষিতে পুলিশ সিসি ফুটেজ পর্যালোচনা করে আসামী সনাক্ত পূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি ইন্চার্জ এসআই মোঃ রফিকুল ইসলাম জানান, বুধবার ৪ অক্টোবর আনুমানিক রাত আড়াইটায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন পাঁচপীর এলাকাযর ছয়ঘড়িয়া গ্রামে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার বরাত দিয়ে তিনি জানান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় অফিস রংপুর ফেরদৌস নামের ব্যক্তির কাছ থেকে একটি মোটরসাইকেল দুই বস্তা আজিজ বিড়ি ও ১৫৮৪ পিস ফেন্সি গুলসহ আটক করে অফিসে নিয়ে যায়। বিধি মোতাবেক জরিমানা আরোপ করে। পরবর্তীতে উক্ত ফেরদৌসের ভাই মামলা ভাঙ্গিয়ে গাড়িসহ মালামাল উদ্ধার করতে আসে। ফাঁড়ি ইন্চার্জ বলেন, ঐদিন সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে সিকিউরিটি গার্ড জেনারেটর স্টার্ট দিতে যায়, সেই সুযোগে মামলা ভাঙ্গাতে আসা ফেরদৌস এর ভাই রুবেল মিয়া মালামাল সহ মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় মামলার প্রেক্ষিতে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামীকে সনাক্তপূর্বক অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছি। সেই সাথে তার দেয়া তথ্য মতে চুরি যাওয়া ZAARA ব্রান্ডের মোটরসাইকেলটি উদ্ধার করেছি। গ্রেফতারকৃত আসামী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন পাঁচপীর ছয়ঘড়িয়া গ্রামের আব্দুস সালামের ছেলে মোঃ রুবেল (৩০)। জিজ্ঞাসাবাদ শেষে আসামী রুবেলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।