ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

মায়ানমারের জন্য মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ নৌবাহিনী জাহাজের চট্টগ্রাম ত্যাগ

#

০৮ এপ্রিল, ২০২৫,  3:09 PM

news image

চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো : শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ, জরুরি চিকিৎসামগ্রী ও মানবিক সহায়তা নিয়ে চট্টগ্রাম নৌজেটি ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র অভিযান’। আজ সকালে জাহাজটি প্রায় ১২০ টন ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন-এর নেতৃত্বে মায়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ত্রাণসামগ্রী প্রেরণে গৃহীত কার্যক্রম পরিদর্শন করেন এবং মায়ানমার গমনকারী নৌসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৭৭ টন শুকনা খাবার, ৯ টনেরও অধিক তাবু এবং ব্যবহারযোগ্য বস্ত্রাদি, ২৯ টন বিশুদ্ধ খাবার পানি, ৪ টন হাইজিন কিট এবং প্রায় ১ টন প্রয়োজনীয় ঔষধ সামগ্রী। বানৌজা সমুদ্র অভিযান আগামী ১১ এপ্রিল ২০২৫ মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে বলে আশা করা যায়। দেশটিতে পৌঁছে বাংলাদেশের পক্ষ থেকে মায়ানমার সরকারের প্রতিনিধি দলের নিকট এ সকল ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে। উল্লেখ্য, গত ২৮ মার্চ মায়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে মায়ানমারে অদ্যাবধি ৩,৫০০-এর অধিক মানুষ প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ৫,০০০ জনেরও অধিক। ধ্বংস হয়েছে হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠানসহ অসংখ্য আবাসিক ভবন। খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়। এ মানবিক বিপর্যয়ে মায়ানমারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে দুই ধাপে ৩১.৫ টন ত্রাণ সামগ্রী, বিশেষ উদ্ধার এবং চিকিৎসা সহায়তাকারী দল প্রেরণ করেছে। বিশ্বমানবতার আহবানে সাড়া দিয়ে মায়ানমারে এ সহায়তা প্রেরণ বাংলাদেশ সরকার ও সশস্ত্র বাহিনীর একটি প্রশংসনীয় উদ্যোগ। প্রতিবেশী দেশ মায়ানমারের এ দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের সহায়তা অকৃত্রিম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিচয় বহন করে, যা দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম