ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি : মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন আসনে বিজয়ীদের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা বাবার পথ ধরে সংসদে যাচ্ছেন যেসব সন্তান নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব পিরোজপুর-২ আসনে বিএনপির আহম্মদ সোহেল মনজুর বিজয়ী জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না : আলী রীয়াজ আজ বিশ্ব ভালোবাসা দিবস

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২৬,  2:19 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভাবনীয় সাফল্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক উষ্ণ বার্তায় তিনি নাহিদ ইসলামের নেতৃত্ব এবং নবীন দল হিসেবে এনসিপির এই লড়াকু অংশগ্রহণকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি ‘তাৎপর্যপূর্ণ অধ্যায়’ হিসেবে অভিহিত করেছেন। প্রধান উপদেষ্টা মনে করেন, এই সাফল্য কেবল সংখ্যার বিচারে নয়, বরং এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয় ও স্বপ্নের এক বলিষ্ঠ প্রতিফলন। প্রফেসর ইউনূস বলেন, মাত্র এক বছর আগে চব্বিশের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি নবীন দল হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাহসের পরিচয়। তার মধ্যে ৬টি আসনে সরাসরি জয়লাভ এবং আরও বেশ কয়েকটি আসনে হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এক অসাধারণ রাজনৈতিক অর্জন। এই জয় প্রমাণ করে যে বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজ এখন নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক নতুন ধারার রাজনীতির প্রতি গভীরভাবে আস্থাশীল। চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, সেই উত্তাল দিনগুলোতে নাহিদ ইসলামের সাহসিকতা ও অদম্য মনোবল আন্দোলনকে সুশৃঙ্খল ও লক্ষ্যাভিমুখী করে তুলেছিল। নাহিদ ইসলাম ও তার সহযোদ্ধাদের আত্মত্যাগ জাতির হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলামকে সহকর্মী হিসেবে পাওয়া তার জন্য এক মূল্যবান অভিজ্ঞতা ছিল। সেই সময়ে নাহিদের কর্মদক্ষতা, নীতিগত দৃঢ়তা এবং প্রশাসনিক বিষয়ের প্রতি গভীর মনোযোগ তাকে মুগ্ধ করেছে বলে তিনি বার্তায় উল্লেখ করেন। প্রফেসর ইউনূস আরও বলেন, গণতন্ত্র তখনই প্রকৃত অর্থে বিকশিত হয় যখন রাজনীতিতে নতুন কণ্ঠস্বর উঠে আসে এবং নতুন ধারণার জন্ম হয়। এনসিপির এই স্বল্প সময়ের সাফল্য প্রমাণ করেছে যে বাংলাদেশের জনগণ পুরাতন ধারার বাইরে গিয়ে তরুণদের ওপর আস্থা রাখতে প্রস্তুত। এখন এই আস্থার মর্যাদা রক্ষা করা এবং সংসদীয় গণতন্ত্রে জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরাই হবে এই নবীন দলের সবচেয়ে বড় দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি সংসদে গঠনমূলক, যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শেষে বলেন, সংগ্রামের রাজপথ থেকে রাজনীতির মূলধারায় এই রূপান্তর যেন দলের আদর্শ ও মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখে। তিনি নাহিদ ইসলামের ব্যক্তিগত সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম