ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব: রাষ্ট্রপতি খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, ১ নভেম্বর থেকে কার্যকর সিঁদুর খেলায় দুর্গার বিদায়, ‘আসছে বছর আবার হবে’ ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ, কমবে খরচ টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান

মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর, ২০২৬,  12:04 PM

news image

মধ্যপ্রাচ্যের ১২টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার এবং এসব দেশে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো। আঞ্চলিক সংঘাত, ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় সম্ভাব্য হামলার ঝুঁকির কারণে এ সতর্কতা জারি করা হয়েছে।


সোমবার (১৯ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ সতর্কতা দেওয়া হয়। ইউরোনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সতর্কতার আওতায় থাকা দেশগুলো হলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন ও ইসরায়েল।


বিবৃতিতে এসব দেশে ভ্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমানে দেশগুলোতে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে, বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ওপর নজর রাখতে এবং সংশ্লিষ্ট মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে।


মার্কিন মিশনগুলোর বিবৃতিতে বলা হয়, ইরান ও তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সংস্থাকে লক্ষ্যবস্তু করতে পারে। অতীতে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার কারণে প্রাণহানির পাশাপাশি ভ্রমণব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে বলেও উল্লেখ করা হয়।


এ পরিস্থিতিতে ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী চলবে—এমনটা ধরে না নিতে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা বিমানবন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।


লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে। অন্যদিকে, ইয়েমেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের ফ্লাইটসংক্রান্ত তথ্য জানতে ইয়েমেনিয়া এয়ারওয়েজ ও ফ্লাই এডেন এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।


এ ছাড়া মার্কিন নাগরিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’ (স্টেপ)-এ নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতির হালনাগাদ তথ্য পাওয়া এবং জরুরি প্রয়োজনে কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করা সহজ হয়।


সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসরণ, কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, মুঠোফোন সচল রাখা এবং মার্কিন দূতাবাস-সংশ্লিষ্ট স্থানে যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শও দেওয়া হয়েছে। সূত্র: ইউরোনিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম