ঢাকা ০৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে ‘সিল্কসিটি এক্সপ্রেস’ লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ৫ আগস্ট উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি ঘোষণা ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম দিনেই ১০০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি, দাম কমার আশা অভিনেত্রী রিনা রহমান আর নেই কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ফিরে দেখা ৪ আগস্ট ২০২৪: ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত বুলেট ট্রেনে চীনা বিনিয়োগ কৃষিপণ্য প্রক্রিয়াজাতে তৈরি হচ্ছে নতুন রপ্তানি খাত

ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম দিনেই ১০০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি, দাম কমার আশা

#

০৪ আগস্ট, ২০২৬,  11:19 AM

news image

মনিরুজ্জামান মনি : দেশের বাজারে কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আমদানির প্রথম দিনেই সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ ট্রাক ভর্তি প্রায় ১০০ মেট্রিক টন কাঁচামরিচ দেশে প্রবেশ করেছে। ব্যবসায়ীদের আশা, আমদানি অব্যাহত থাকলে আগামীকাল থেকেই দেশের বাজারে কাঁচামরিচের দাম কমতে শুরু করবে।

ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে ১০ ট্রাক ভারতীয় কাঁচামরিচ দেশে এসেছে। প্রতিটি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিক টন পর্যন্ত কাঁচামরিচ ছিল। প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমস কার্যক্রম শেষে এসব কাঁচামরিচ দেশের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ করা হবে।

ভোমরা বন্দরের আমদানিকারক ব্যবসায়ী সাদ্দাম হোসেন জানান, সরকার আমদানির অনুমতি দেওয়ার পরপরই প্রথম চালানে ১০ ট্রাক কাঁচামরিচ দেশে এসেছে। মোট প্রায় ১০০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। এসব মরিচ দ্রুত দেশের বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়া হবে। ধারাবাহিকভাবে আমদানি চললে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আমদানিকারকদের সূত্রে জানা গেছে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে গত রোববার (২ আগস্ট) ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে দ্রুত বাজারে সরবরাহ বৃদ্ধি পায় এবং মূল্য নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মরিচের খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর ফলে মাত্র ১৫ দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের দাম ৫০ টাকা থেকে বেড়ে ৩০০ থেকে ৩৫০ টাকায় পৌঁছে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ ক্রেতারা।

সাতক্ষীরা শহরের কাঁচা-পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, স্থানীয় উৎপাদন কমে যাওয়ায় বাজারে কাঁচামরিচের সংকট সৃষ্টি হয়েছিল। ভারত থেকে আমদানি শুরু হওয়ায় আগামী দু-এক দিনের মধ্যে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং দাম কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, প্রথম দিনে ১০ ট্রাক কাঁচামরিচ এসেছে। আগামীকাল আরও অধিক পরিমাণ কাঁচামরিচ আমদানির অপেক্ষায় রয়েছে। ধারাবাহিকভাবে আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে কাঁচামরিচের অস্থিরতা দূর হবে এবং দাম স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম