ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার ৪ বছরের চুক্তিতে বার্সেলোনায় রদ্রি ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রতারক দিলরুবা গ্রেপ্তার বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, অস্ত্রধারীরা অধরা কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশি নিহত উপসাগরে নতুন উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখোমুখি ইরান-আমিরাত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা

বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয়

#

নিজস্ব প্রতিনিধি

১৯ আগস্ট, ২০২৬,  11:25 AM

news image

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় বাণিজ্যের স্থবিরতা কেটে গিয়ে আবারও পুরোদমে চলছে আমদানি-রপ্তানি কার্যক্রম। গত তিন বছরের তুলনায় সর্বশেষ অর্থবছরে এ বন্দরে রাজস্ব আয় প্রায় দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যও দিন দিন বাড়ছে।


পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালিত হয়। আগস্ট বিপ্লবের পর বন্দরটিতে কিছুটা স্থবিরতা দেখা দিলেও নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি ফিরেছে। বিশেষ করে নেপাল ও ভুটানের সঙ্গে রপ্তানি বাণিজ্য বেড়েছে।


ব্যবসায়ীরা জানান, ভারতের অভ্যন্তরীণ সমস্যার কারণে পাথরনির্ভর এ বন্দরে বর্তমানে ভারত থেকে পাথর আমদানি কমেছে। তবে এ সমস্যা দ্রুত কেটে গেলে ভারত থেকেও আমদানি বাড়বে বলে আশা করছেন তারা। পাশাপাশি নেপালের সঙ্গে রপ্তানি বাণিজ্য বৃদ্ধির ফলে বন্দরের সম্ভাবনা আরও বাড়ছে।


বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন বলেন, গত দুই অর্থবছরের তুলনায় সর্বশেষ অর্থবছরে বন্দরের রাজস্ব আয় প্রায় দ্বিগুণ বেড়েছে। আগে এখানে কিছুটা বিশৃঙ্খলা ছিল, সেগুলো ধীরে ধীরে গুছিয়ে আনা হচ্ছে। বর্তমানে বন্দরে কোনো সংকট নেই। সংশ্লিষ্ট সবার মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।


বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, নেপাল এ বন্দর দিয়ে সয়াবিনসহ বাংলাদেশের বিভিন্ন পণ্য কিনছে। অন্যদিকে ভুটান থেকে পাথর আমদানি বেড়েছে। ফলে স্থবিরতা কেটে বন্দরে আবারও প্রাণচাঞ্চল্য ফিরছে।


তিনি বলেন, আগে ভারত থেকে বিপুল পরিমাণ পাথর আমদানি হতো। বর্তমানে দেশটির অভ্যন্তরীণ সমস্যার কারণে পাথর উত্তোলন কমে যাওয়ায় আমদানিও কমেছে। তাদের সমস্যা কেটে গেলে বন্দরের কার্যক্রম আরও বাড়বে। বর্তমানে প্রতিদিন ৩০০ থেকে ৪০০টি ট্রাক আমদানি পণ্য নিয়ে বন্দরে আসছে। প্রায় শতাধিক ট্রাকে পণ্য রপ্তানি হচ্ছে।


বাংলাবান্ধা স্থলবন্দরের শুল্ক স্টেশনের তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১১৯ কোটি টাকা। ওই অর্থবছরে আদায় হয় ১৬৬ কোটি ৭৩ লাখ টাকা। অন্যদিকে ২০২৫-২০২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৩০ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৪২৪ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় সর্বশেষ অর্থবছরে রাজস্ব আদায় বেড়েছে ২৫৭ কোটি ৮৭ লাখ টাকা।


এছাড়া বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতীয় ইন্দো-বাংলা তেল পাইপলাইনের মাধ্যমে তেল আমদানির কারণেও রাজস্ব আয় বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং ভারতের সঙ্গে আমদানি কার্যক্রম স্বাভাবিক হলে বাংলাবান্ধা স্থলবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম