বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৬, 3:00 PM
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৬, 3:00 PM
বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এই ফোনালাপে নেপালে আঘাত হানা ধ্বংসাত্মক আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন তিনি।
ঘটনাটিকে একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে অভিহিত করে খলিলুর রহমান জানান, যেসব পরিবার তাদের আপনজনকে হারিয়েছে, তাদের প্রতি বাংলাদেশের সহমর্মিতা ও প্রার্থনা রয়েছে। তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এমন কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলে তিনি নেপাল সরকারের সহায়তা কামনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই কঠিন সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নেপাল সরকার ও জনগণের পাশে পূর্ণ সংহতি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং নেপালের প্রয়োজনে যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী এই কঠিন সময়ে বাংলাদেশের পক্ষ থেকে সংহতি প্রকাশের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, নেপালি কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে এবং পরিস্থিতি পুরোপুরি পর্যালোচনার পর কোনো সহায়তার প্রয়োজন হলে তারা আমাদের সুনির্দিষ্ট চাহিদার কথা জানাবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তাও পৌঁছে দেন।