NL24 News
০৬ নভেম্বর, ২০২৩, 12:50 PM
ফেনীতে রিকশা মালিক ও চালকদের মধ্যে জনসচেতনতামূলক সমাবেশ
জেলা প্রতিনিধি, ফেনী: ফেনী পৌর এলাকার সকল রিকশা-মালিক ও চালকদের মধ্যে জনসচেতনতামূলক সমাবেশ করেছে ফেনী পৌরসভা। রোববার (৫ নভেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান। পুলিশ সুপার জাকির হাসান বলেন, কোন পেশাই অসম্মানের নয়। রিকশা চালানো পেশাটি বেশি সম্মানের। কারনটা হচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে রিকশা চালকরা। রিকশা চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ফেনী ব্যতীত কোথাও রিকশা ডান পাশ দিয়ে চলতে দেখি না।
যানজট নিরসনের লক্ষ্যে বিষয়টি গুরুত্ব দিয়ে রিকশা মালিক চালক ও যাত্রীদের নিয়ে শহরে রিকশা চলাচলের নিয়ম কানুন নির্ধারণ করে দেয়া হয়েছে। এসময় তিনি রাস্তায় চলাচলে বাম দিকে চালানোর নির্দেশনা দেন এবং মহাসড়কে রিকশা না চালানোর আহবান জানান।বিশেষ অতিথি ফেনী পৌরসভা মেয়র মোঃ নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ‘রিকশা চালকরা আছে বলেই আমরা দ্রুত গন্তব্যে পৌঁছতে পারি। আবার যাত্রীরা আছে বলেই আপনাদের সংসার চলে। রিকশা চালক ও যাত্রীদের জন্য সন্তোষজনকভাবে পৌরসভা ভাড়ার তালিকা করে দিয়েছে। চালকদের রাস্তার বাম পাশে রিকশা চালানোর অনুরোধ জানিয়ে মেয়র আরো বলেন, আপদে বিপদে ফেনী পৌরসভার মেয়র হিসেবে আমি আপনাদের পাশে আছি।
আপনারা রাস্তার মাঝ খানে কিংবা রাস্তার ডান পাশে দাঁড়াবে না। নারী যাত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনাদের সাথে কেউ অন্যায় আচারণ করলে পৌরসভায় আসবেন। উপযুক্ত ব্যবস্থা নিব। সমাবেশে অংশ নেয়া রিকশাচালক আহসান উল্লাহ বলেন, ‘শহরে রিকশা চালাতে গিয়ে অনেক সময় যাত্রীদের সাথে আমাদের বাকবিতন্ডা সৃষ্টি হয়। পৌরসভা আমাদেরকে নির্দিষ্ট ভাড়ার তালিকা করে দিয়েছে। আমরা সে ভাড়া মেনে নিয়েছি। ফেনী পৌর রিকশা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি জালাল উদ্দিন হাজারী, পৌর রিকশা মালিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ। এছাড়াও শহরের সকল রিকশাচালকরা উপস্থিত ছিলেন।