পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ৫১ বস্তা টাকা
নিজস্ব প্রতিনিধি
২১ নভেম্বর, ২০২৬, 2:02 PM
নিজস্ব প্রতিনিধি
২১ নভেম্বর, ২০২৬, 2:02 PM
পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ৫১ বস্তা টাকা
কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর ১৩টি লোহার দানবাক্স খুলে ওই টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণও উদ্ধার করা হয়।
আজ শনিবার সকাল থেকে মসজিদের দ্বিতীয় তলায় টাকা গণনার কাজ চলছে। গণনা শেষে মোট দানের পরিমাণ জানা যাবে; তবে এবারও আগের দানের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময়উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বরাবরের মতো দানবাক্স থেকে বের করা টাকা বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে শুরু হয় গণনার কাজ। এ কাজে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, শহরের জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক ব্যক্তি অংশ নিয়েছেন।
এর আগে গত ২৭ জুন ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে দানের পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। ওই দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নতুন মাইলফলক সৃষ্টি করেছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে দানের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়েছে। এ কারণে এবারও নির্ধারিত সময়ের চেয়ে বেশি, অর্থাৎ ৪ মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে।
প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এ মসজিদে এসে দান করেন। অনেকের বিশ্বাস, পাগলা মসজিদে দান করলে মনোবাসনা পূরণ হয় ও রোগবালাই দূর হয়। সেই বিশ্বাস থেকেই দিন দিন বাড়ছে দানের পরিমাণ। এখানে শুধু টাকা-পয়সা নয়; স্বর্ণালঙ্কার, হাঁস-মুরগি, গবাদিপশু ও বিভিন্ন পণ্যসামগ্রীও দান করেন মানুষ। রোগমুক্তি, উচ্চশিক্ষা ও সন্তান লাভসহ নানা উদ্দেশ্যে মানত করেন অনেকে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মসজিদটি একটি সার্বজনীন ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত।
জানা যায়, দানবাক্সে পাওয়া ৪২০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৮৮ ভরি রৌপ্যালঙ্কার ২০২০ সালের ১১ মার্চ প্রকাশ্য নিলামে বিক্রি করে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১১০ টাকা আয় হয়। একই সময়ে বৈদেশিক মুদ্রা বিক্রি করে আরও ৭০ লাখ টাকা পাওয়া যায়। পরে ছয় বছর ধরে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা জেলার সরকারি ট্রেজারিতে সংরক্ষণ করা হয়। সর্বশেষ গত ১২ অক্টোবর এসব গণনা ও মূল্য নির্ধারণের জন্য নয়টি কনটেইনার ও ছয়টি সিলগালা খাম খোলা হয়। এতে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালঙ্কার ও ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালঙ্কার পাওয়া যায়; সব মিলিয়ে অলঙ্কারের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ১৩২ ভরি।
বর্তমানে পাগলা মসজিদ দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। দানের অর্থ দিয়ে মসজিদ, মাদরাসা, এতিমখানা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এ ছাড়া প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে ছয়তলা বিশিষ্ট আধুনিক ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। নির্মিতব্য এ কমপ্লেক্সে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা; যেখানে নারীদের জন্য পৃথকভাবে পাঁচ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থাও থাকবে।
জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে আধ্যাত্মিক সাধক দেওয়ান জিলকদ খান ওরফে পাগলা বিবি নরসুন্দা নদীর বুকে জেগে ওঠা চরে এসে প্রতিদিন নামাজ আদায় করতেন। পরবর্তীতে জমিদার দেওয়ান মান্নান দাদ খান বর্তমান জায়গাটি মসজিদের নামে ওয়াকফ করে দেন এবং একটি মসজিদ নির্মাণ করেন। তখন থেকেই মানুষ এখানে এসে নামাজ আদায়ের পাশাপাশি মানত পূরণ করতেন। ক্রমে মসজিদকে ঘিরে মুসল্লিদের সমাগম ও দানের পরিমাণ বাড়তে থাকে।
গণমাধ্যমের কল্যাণে দেশ-বিদেশে এর পরিচিতি ছড়িয়ে পড়ায় প্রায় প্রতিদিনই—বিশেষ করে শুক্রবার—দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসে জুমার নামাজ আদায় ও দান করেন। ১৯৭৯ সালের ১০ মে থেকে ঐতিহাসিক এ মসজিদ ওয়াকফ স্টেটের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।