নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ
নিজস্ব প্রতিনিধি
২১ নভেম্বর, ২০২৬, 2:05 PM
নিজস্ব প্রতিনিধি
২১ নভেম্বর, ২০২৬, 2:05 PM
নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ। পুলিশ জানায়, ওই গ্রামে কোনো হিন্দু বসতি নেই। পুরনো ভিডিও ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
আজ শনিবার নড়াইলের পুলিশ সুপারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের তথ্য প্রচার করা হচ্ছে। তবে এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পুলিশের দাবি, ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের ওপর কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, পূর্বে ধারণ করা এবং এআই দিয়ে তৈরি ভিডিওচিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। এর মাধ্যমে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে।
বেন্দারচরের ঘটনার বিবরণ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানাধীন বেন্দারচর সুইচগেট সংলগ্ন বটতলা বাজারে বিএনপির একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪০) নিহত হন।
এ ঘটনায় অভিযান চালিয়ে বেন্দারচর গ্রামের দিপা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহতদের বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন ও অন্যরা বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালান।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।