ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

পদ্মায় চলন্ত ফেরিতে অগ্নিকাণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২২,  10:54 AM

news image

পদ্মায় চলন্ত ফেরি বেগম রোকেয়ায় অগ্নিকাণ্ডে কেবিন ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১১ জুন) ভোর সোয়া ৫টার দিকে মাঝিরকান্দি চ্যানেলে প্রবেশ করতেই আগুনের সূত্রপাত হয়। এর আগে ভোর পৌনে ৫টায় ফেরিটি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের মাঝিরকান্দির উদ্দেশে ছেড়ে যায়। জানা গেছে, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া ফেরিটি মাঝিরকান্দি চ্যানেলে প্রবেশ করতেই লেলিহান শিখা চোখে পড়ে। ফেরির পাম্প কাজে লাগিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফেরির চালক দ্রুত চালিয়ে নিয়ে শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটে ভিড়িয়ে যানবাহন নামিয়ে দেয়। ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস জানান, ক্যান্টিনের পাশে কেবিনের ওপরের সিটে আগুন লাগে। এতে ফেরির ওই কেবিনটির বিছানা, সিলিং দরজা ও কেবিনের বাইরের সিলিং ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় কেবিনে কেউ ছিল না। দরজা খুলতেই আগুন বাইরে চলে আসে। শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, চলন্ত ফেরির একটি তালাবদ্ধ কেবিন থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। পরে ফেরিতে থাকা পাম্প ও আগুন নেভানোর মেশিনের সাহায্যে আগুণ নিয়ন্ত্রণ করা হয়। ফেরিটি মাঝিরকান্দি ঘাটে গিয়ে আনলোড করেছে। সেটি আবার যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটে আসারও প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও জানান, ওই ফেরিতে ৩৫-৪০টি যান এবং বেশকিছু যাত্রী ছিল। সবাই নিরাপদে গন্তব্যে পৌঁছেছে। ফেরি সার্ভিস স্বাভাবিক রয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে বলেও জানান বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম