নাইটক্লাব-কাণ্ডে তদন্তের মুখে ইংলিশ পেসার
স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬, 10:50 AM
স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬, 10:50 AM
নাইটক্লাব-কাণ্ডে তদন্তের মুখে ইংলিশ পেসার
ডার্বির একটি নাইটক্লাবের ঘটনায় বিপাকে পড়তে যাচ্ছেন ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্স। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই টেস্টের দলে থাকা এই পেসারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘটনাটি গত শনিবার রাতের।
রবিবার কার্সের একটি ছোট্ট ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরে টেলিগ্রাফে প্রকাশিত হয়। ভিডিওটিতে দেখা যায়, হাতকড়া পরা অবস্থায় পেছন দিকে হাত বাঁধা কার্সকে ঘিরে রেখেছেন পুলিশ কর্মকর্তারা। ভিডিওটিতে তার ইংল্যান্ড দলের সতীর্থ ম্যাথু পটস ও সাবেক অধিনায়ক বেন স্টোকসকেও দেখা যায়। এই তিন জনই কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডার্বিশায়ারের বিপক্ষে শনিবার শেষ হওয়া ম্যাচে ডারহামের হয়ে খেলেছেন।
ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডার্বিতে গত রাতে ঘটে যাওয়া বলে রিপোর্ট করা একটি ঘটনা সম্পর্কে আমরা অবগত এবং বর্তমানে বিষয়টি তদন্ত করছি। সম্ভব হলে পরবর্তী সময়ে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।”
কার্সের সঙ্গে তার ডারহাম সতীর্থ ম্যাথিউ পটসও ছিলেন বলে জানা গেছে। দুজনই ডার্বিশায়ারের বিপক্ষে ডারহামের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে খেলেছিলেন। ম্যাচটিতে ডারহাম ৩৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পায়।
৩১ বছর বয়সী কার্স এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৪টি টেস্ট খেলেছেন। ২০২৫-২৬ মৌসুমের অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ডের ৪-১ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হারের সময় দলের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনি। পাঁচ ম্যাচে ২২ উইকেট নিয়ে তার গড় ছিল ৩০-এর সামান্য বেশি।
পাকিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ইংল্যান্ডের দলে রাখা হয়েছে কার্সকে। তবে লিডসে সিরিজের প্রথম টেস্টে তিনি একাদশে ছিলেন না। ম্যাচটিতে পাকিস্তান ইনিংস ও ১০৩ রানে জয় পায়। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে বৃহস্পতিবার লর্ডসে।
কার্সকে ঘিরে এই ঘটনা ইংল্যান্ড দলের শৃঙ্খলা ও খেলোয়াড়দের রাতের জীবন নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। এর আগে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে কয়েকটি গভীর রাতের ঘটনার পর চলতি বছরের জানুয়ারিতে খেলোয়াড়দের জন্য কারফিউ চালু করা হয়েছিল। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে একটি নাইটক্লাবের বাউন্সারের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুকও।
এ ছাড়া ‘বাজবল’ যুগের শেষ দিকে লন্ডনের একটি নাইটক্লাবকে ঘিরে বড় বিতর্ক তৈরি হয়েছিল। মধ্যরাতের কারফিউ ভঙ্গ করে বাইরে থাকায় বেন স্টোকস ও গাস অ্যাটকিনসন নিউজিল্যান্ডের বিপক্ষে ওভালে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। ওই ম্যাচে সাময়িকভাবে অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন রুট।
স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর রুটকে আবারও পূর্ণকালীন টেস্ট অধিনায়ক করা হয়েছে। একই সময়ে ব্রেন্ডন ম্যাককালামকে লাল বলের দলের কোচের পদ থেকে সরিয়ে দেয়া হয়। তবে তিনি সীমিত ওভারের দলের দায়িত্বে বহাল রয়েছেন। রুটের সঙ্গে টেস্ট দলের নতুন কোচ হিসেবে কাজ করবেন স্টিফেন ফ্লেমিং। সূত্র: এনডিটিভি