দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবীকে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, 11:09 AM
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, 11:09 AM
দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবীকে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা
ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগে দ্রুত সাড়া দিতে রাজধানীতে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের বড় একটি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে আনসার-ভিডিপির প্রস্তাবিত এক লাখ শহর প্রতিরক্ষা দল (টিডিপি) সদস্যকে বিশেষায়িত দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে সমন্বয় করে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের সঙ্গে আনসার-ভিডিপির মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, জোন ও থানা এলাকায় প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা এবং দুর্যোগের সময় তাদের সমন্বিতভাবে কাজে লাগানোর বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে জরুরি মুহূর্তে স্থানীয় পর্যায় থেকে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
আনসার-ভিডিপির ডিজিটাল ডাটাবেজে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের তথ্য সংরক্ষণ করা হবে। দুর্যোগের সময় এসব স্বেচ্ছাসেবী ফাস্ট রেসপন্ডার হিসেবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ ও মানবিক পুনর্বাসনে অংশ নিতে পারবেন বলে বৈঠকে জানানো হয়। এ ক্ষেত্রে ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের বিদ্যমান সক্ষমতার সঙ্গে আনসার-ভিডিপির বিস্তৃত স্বেচ্ছাসেবী নেটওয়ার্ককে কীভাবে যুক্ত করা যায়, সে বিষয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
বৈঠকে প্রস্তাবিত এক লাখ টিডিপি সদস্যকে আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য আকস্মিক দুর্যোগ মোকাবিলায় বিশেষায়িত ও উন্নত প্রশিক্ষণ দেওয়ার একটি রূপরেখা নিয়েও আলোচনা হয়। এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় কার্যকর সাড়াদান সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও অগ্নিনির্বাপণসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দুই বাহিনীর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। মাঠপর্যায়ে পেশাদারিত্ব বাড়াতে প্রশিক্ষণ সহায়তা এবং কৌশলগত তথ্য আদান-প্রদানের বিষয়েও আলোচনা হয়।
ভবিষ্যতে জাতীয় সংকট ও মানবিক দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকরা। সংশ্লিষ্টদের আশা, দুই বাহিনীর সমন্বিত উদ্যোগে রাজধানীতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়বে এবং জননিরাপত্তা জোরদারের পাশাপাশি দুর্যোগের ঝুঁকিও কমানো সম্ভব হবে।