তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি
নিজস্ব প্রতিনিধি
১৯ নভেম্বর, ২০২৬, 12:05 PM
নিজস্ব প্রতিনিধি
১৯ নভেম্বর, ২০২৬, 12:05 PM
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি
উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। এরই মধ্যে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ উপজেলায়। বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
এর আগের দিন বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৩ ডিগ্রি কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বেড়েছে।
সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা ও ঠান্ডা বাতাসে শীতের আমেজ বাড়ছে। বিশেষ করে ভোর ও রাতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকালে ঘন কুয়াশার কারণে জনজীবনেও শীতের প্রভাব পড়তে শুরু করেছে।
স্থানীয় বাসিন্দা তাজ উদ্দিন আহমেদ বলেন, কয়েক দিন ধরেই সন্ধ্যার পর থেকে ঠান্ডা বাতাস বইছে। ভোরের দিকে কুয়াশা পড়ছে। আজ সকালে বেশ ভালোই শীত অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের প্রথম শ্রেণির কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।