জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৬, 11:36 AM
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৬, 11:36 AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু
২০২৬-২৭ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন ভর্তিচ্ছুরা। আবেদন চলবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটের অধীনে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং ২০২৫ ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে ইউনিটভেদে নির্ধারিত জিপিএ ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
ভর্তিচ্ছুদের অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির আবেদন ফি ৮০০ টাকা। ই ইউনিটের আবেদন ফি ৬০০ টাকা এবং সি-১ ইউনিট ও আইবিএ-জেইউর আবেদন ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফির সঙ্গে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে। এটি সব ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য। আগামী ২৫ ডিসেম্বর থেকে ভর্তিচ্ছুরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষা সম্ভাব্য আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ, সময়সূচি ও আসনবিন্যাস পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট admission.juniv.edu-তে প্রবেশ করতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের ন্যূনতম যোগ্যতা যাচাই করতে হবে। এরপর আবেদনকারীকে নিজের অথবা অভিভাবকের মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে। ওই নম্বরে পাঠানো পাসওয়ার্ড পরবর্তী সময়ে আবেদন ও ওয়েবসাইট ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।
একটি মোবাইল নম্বর ব্যবহার করে একজন আবেদনকারী একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন। তবে একই মোবাইল নম্বর ব্যবহার করে একই ইউনিটে একাধিকবার আবেদন করা যাবে না।
আবেদনকারীদের নিজস্ব প্রোফাইলে গিয়ে ‘ছবি আপলোড করুন’ ও ‘স্বাক্ষর আপলোড করুন’ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ৩০০×৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইটের মধ্যে হতে হবে। অন্যদিকে স্বাক্ষরের আকার হতে হবে ৩০০×৮০ পিক্সেল এবং ফাইলের সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট। ছবি ও স্বাক্ষর অবশ্যই জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে।
এরপর আবেদনযোগ্য ইউনিটগুলোর তালিকা থেকে পছন্দের ইউনিট নির্বাচন করে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে। এভাবে একজন শিক্ষার্থী যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক ইউনিটে আবেদন সম্পন্ন করতে পারবেন। পেমেন্টের বিস্তারিত নিয়ম ও ধাপ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ ছাড়া ও-লেভেল ও এ-লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য এবং ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি আপলোড করে আবেদন করতে হবে।