জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
নিজস্ব প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর, ২০২৬, 11:07 AM
নিজস্ব প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর, ২০২৬, 11:07 AM
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
জামালপুর-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠন। জামালপুরে বাস ভাঙচুর, চালক ও স্টাফদের মারধরের অভিযোগে জামালপুর-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠন। বুধবার রাত থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ফলে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর থেকে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনও দূরপাল্লার বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।
জানা যায়, গত ৩১ আগস্ট রাতে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটো রিকশার সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। এ সময় আহত হয় অন্তত ১৬ জন। এছাড়াও জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে রাজিব পরিবহনের বেপরােয়া গাড়ি চালানোর ফলে প্রায় সময়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে। এতে করে প্রায় সময় হতাহতের ঘটনাও ঘটছে।
এ ব্যাপরে বারবার প্রশাসনকে অভিযোগ করেও এর কোন প্রতিকার না পেয়ে বুধবার বিকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় রাজিব পরিবহনের রোড পারমিট বাতিল ও বাস চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
এ সময় বিক্ষোভকারীরা ঢাকা ও জামালপুরগামী রাজিব পরিবহনের দুটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। পরে নান্দিনা পূর্ববাজার খেলার মাঠে নিয়ে বাস দুটিতে ভাঙচুর করা হয়। ঘটনার পর ওই সড়কে রাজিব পরিবহনের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনার প্রেক্ষিতে বুধবার রাত থেকে জামালপুর বাস পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠন জামালপুর থেকে ঢাকা রুটে সব বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। এতে করে সাধারণ যাত্রীরা বিপাকে পড়ে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে আমরা বাসচালকদের সঙ্গে কথা বলব। দ্রুত সময়ের মধ্যে যাত্রীদের ভোগান্তি কমানোর চেষ্টা করা হবে।’
এ ব্যাপারে জামালপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভর সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।