NL24 News
২৪ জুলাই, ২০২৩, 5:34 PM
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কলাপাড়ায় মৎস্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন
গোফরান পলাশ, কলাপাড়া: ’নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৩ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে মৎস্য অধিদপ্তর। সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ বাস্তবায়ন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। কলাপাড়া ইউএনও মো. জাহাঙ্গির হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অপু সাহা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমূখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ন। অধিদদপ্তরের তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থ বছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪৫.৫২ লক্ষ মেট্রিক টন। মাছ উৎপাদন হয়েছে ৪৬.২১ লক্ষ মেট্রিক টন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী বিগত ১০ বছরের হিসেবে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে প্রথম। যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযানে মৎস্য আহরনে নিয়োজিত প্রায় ২ দশমিক ৭০ লাখ মৎস্যজীবীর পরিবারের নুন্যতম ১৩ দশমিক ৫০ লাখ মানুষের জীবীকা নির্বাহ হচ্ছে উপকূলীয় সামুদ্রিক মৎস্য সম্পদের মাধ্যমে। তাই জেলেদের সুরক্ষায় সবরকমের উদ্দোগ নিয়েছে সরকার।
সভাপতির বক্তব্যে ইউএনও মো: জাহাঙ্গীর হোসেন বলেন, জেলেদের জীবন মান উন্নয়নের জন্য সরকার তাদের চাল, জাল, গাভী, বাছুর, ছেলে-মেয়েদের জন্য শিক্ষাবৃত্তি সুবিধা দিচ্ছে। তাদের সুরক্ষা নিশ্চিতে প্রতিটি মাছ ধরা ট্রলার গ্লোবাল সিষ্টেম ফর মোবাইলেজেশন সুবিধার আওতায় আনা হয়েছে। ফার্ষ্ট এইড বক্স, লাইফ জ্যাকেট দেয়া হচ্ছে তাদের। উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ২৪ থেকে ৩০ জুলাই ৭ দিন ব্যপী উপজেলার সকল মৎস্য চাষী, কাঁকড়া চাষী, মৎস্যজীবী, আড়ৎদার ও মৎস্য ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের আয়োজন রয়েছে মৎস্য সপ্তাহে।