NL24 News
২৪ নভেম্বর, ২০২৩, 10:20 PM
জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো- রংপুরে রাশেদা সুলতানা
আবুল হোসেন বাবলুঃ হরতাল অবরোধ, কে দিবে না দিবে এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছুই করার নাই, তবে আইনশৃঙ্খলা বাহিনী এব্যাপারে সজাগ রয়েছে। এখনকার নির্বাচন কমিশন আইন সংশোধন করে নতুন বিধান করেছে। আমার বিশ্বাস, আমরা জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আগে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করা হতো সেখানে কোনো শাস্তির বিধান ছিলো না। এবার নির্বাচন কমিশন আইন সংশোধন করে নতুন বিধান করেছে সেখানে শাস্তির বিধান রয়েছে। কোনো ভোটারকে কেউ রাতের আধারে ভয়ভীতি প্রদর্শন করতে পারবেনা। তিনি বলেন, কেউ ভয়ভীতি প্রদর্শন করলে আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত সভায় বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে আসন্ন নির্বাচন উপলক্ষে রংপুর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে প্রস্তুতিমূলক সভায় ইসি এ মন্তব্য করেন। রাশেদা সুলতানা বলেন, ভোটের পরিবেশ তৈরি হয়েছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে। সংবিধান মেনেই দেশে একটি সুন্দর, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তার জন্যই নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আজকের এই প্রস্তুতি মূলক সভা। আমরা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা সুষ্ঠু, অংশগ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত। আসন্ন নির্বাচনে যাতে সবাই সমন্বিত হয়ে কাজ করতে পারে, এই বার্তাটি দেওয়াই আজকে আমার মূল লক্ষ্য। তারা সবাই আমাকে জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা সবাই প্রস্তুত। তিনি বলেন আমার বিশ্বাস, আমরা জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। এ সময় তিনি এও বলেন যে, নির্বাচনে বিএনপি আসুক আর নাই আসুক নির্বাচন পেছানোর কোন সম্ভাবনা নাই। ইসি রাশেদা সুলতানা আরও বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য মিডিয়ার সহযোগিতা কামনা করেন তিনি। বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব ও বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।