চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর, ২০২৬, 1:18 PM
নিজস্ব প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর, ২০২৬, 1:18 PM
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তাসমিন (৪) নামে এক শিশু এবং রাফসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। একই সময়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৮ জন।
চলতি সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে ১ হাজার ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ মাসে ডেঙ্গুতে মারা গেছেন ৯ জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৮৩৪ জন। আগস্টে নতুন করে ১ হাজার ২০২ জন ডেঙ্গু আক্রান্ত হন। ওই মাসে মৃত্যু হয় দুজনের।
সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। মাসের প্রথম ১৫ দিনেই ১ হাজার ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ মাসে মৃত্যুর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এর আগে জুলাইয়ে চট্টগ্রামে ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মারা যান দুজন। জুনে আক্রান্ত হন ১২২ জন। মে মাসে ৩৭, এপ্রিলে ২৯, মার্চে ২০, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হন।
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় চলতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন সীতাকুণ্ডে। উপজেলাটিতে আক্রান্তের সংখ্যা ৪১৫ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষ ১ হাজার ৫৬৪ জন, নারী ৮৫৪ জন এবং শিশু ৬৩০ জন। মৃত্যুর হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গুতে চারজন পুরুষ, সাতজন নারী ও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, ২০২৫ সালে চট্টগ্রামে ৪ হাজার ৮৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ২৭ জনের।