ক্যানসার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৬, 3:14 PM
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৬, 3:14 PM
ক্যানসার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ক্যানসার চিকিৎসার মেশিন স্থাপন ও অপসারণে দীর্ঘসূত্রিতা থাকবে না। ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে। মেশিন ক্রয় শুল্কমুক্ত করার ব্যবস্থা করা হবে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর মহাখালীস্থ জাতীয় ক্যানসার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে ‘জাতীয় ক্যানসার সম্মেলন ২০২৬-এ ‘সবার জন্য ক্যানসার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারনের সমন্বয়’— শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে রোগীরা নিজ দেশেই আধুনিক চিকিৎসাসেবা পেতে পারেন।
তিনি বলেন, ক্যানসার প্রতিরোধে যা করণীয়, সরকার সব করবে। স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, দেশে এসব আধুনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছেন। প্রয়োজনে তাদের আগামী তিন মাস প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়।
স্বাস্থ্য খাতে অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে সাখাওয়াত হোসেন বলেন, ১৭ বছরের শাসনামল স্বাস্থ্য খাতকে অনেক পিছিয়ে দিয়েছে। এখন এ খাতে কারও গাফিলতি সহ্য করা হবে না।
দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থাকবে না বলেও সতর্ক করেন তিনি।
জাতীয় ক্যানসার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।