এভাবে শেষ হোক চাইনি: অ্যান্ডারসন
স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৬, 11:16 AM
স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৬, 11:16 AM
এভাবে শেষ হোক চাইনি: অ্যান্ডারসন
ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে ২৫ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টানতে চলেছে ল্যাঙ্কাশায়ার। শৈশবের ক্লাবের এমন সিদ্ধান্তে ৪৪ বছর বয়সী এই পেসার গভীর হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন। কাউন্টি ক্লাব ছাড়ার পর তিনি ক্রিকেট ক্যারিয়ার চালিয়ে যাবেন নাকি সম্পূর্ণভাবে অবসর নেবেন—সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি। তার আক্ষেপ, ক্যারিয়ারের শেষটা নিজের পছন্দমতো করতে পারলে ভালো লাগত।
বিবিসির পডকাস্ট ‘টেইলেন্ডার্স’-এ ল্যাঙ্কাশায়ার থেকে বিদায়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন অ্যান্ডারসন। সেখানে তিনি জানান, দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার কথা ভেবে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, তাকে ছাড়াই দলকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ক্লাব।
অ্যান্ডারসন বলেন, ‘আমি ভেবেছিলাম দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে ডাকা হয়েছে। কারণ, স্বাভাবিকভাবেই বছরটা দলের জন্য ভালো কাটেনি। অধিনায়ক হিসেবে ভেবেছিলাম, এ বিষয়ে সাধারণ একটি আলোচনা হবে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বুঝতে পারলাম, এটা কোনো আলোচনা নয়। আমাকে শুধু জানানো হচ্ছে, তাদের মতে, আমাকে ছাড়া এগোলেই দলের জন্য ভালো হবে। স্বাভাবিকভাবেই আমি বেশ বিস্মিত হয়েছিলাম।’
ল্যাঙ্কাশায়ারের নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস ও প্রধান নির্বাহী রিচার্ড কেনিয়নের সঙ্গে গত মাসে বৈঠক হয়েছিল অ্যান্ডারসনের। সেখানেই তাকে জানানো হয়, ২০২৭ মৌসুমের জন্য তার চুক্তি নবায়ন করা হবে না। গত সপ্তাহে ফারব্রেস ব্যাখ্যা করেন, দলের পুনর্গঠন এবং আগামী তিন-চার বছরের মধ্যে ডিভিশন ওয়ানের শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনায় অ্যান্ডারসনকে রাখছেন না তারা। চুক্তির মেয়াদ শেষে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটি তাই ক্লাবের জন্যও সহজ ছিল না বলে জানান তিনি।
অথচ চলতি মৌসুমে বল হাতে দারুণ কার্যকর ছিলেন অ্যান্ডারসন। ল্যাঙ্কাশায়ারের অধিনায়কত্ব করার পাশাপাশি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে ১৭.৬৮ গড়ে নিয়েছেন ৫০ উইকেট। তবে তার ব্যক্তিগত সাফল্য দলকে প্রত্যাশিত অবস্থানে নিয়ে যেতে পারেনি। মৌসুম শেষে ডিভিশন টুতে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে থেকে প্রতিযোগিতা শেষ করে ল্যাঙ্কাশায়ার।
ক্লাবের সিদ্ধান্ত প্রকাশের প্রক্রিয়াতেও অসন্তুষ্ট অ্যান্ডারসন। তাকে জানানো হয়েছিল, সম্ভাব্য ঘোষণার বিষয়টি কীভাবে প্রকাশ করা হবে, তা তিনি নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু কয়েক দিন পরই সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’-এ খবরটি প্রকাশিত হলে অপ্রস্তুত হয়ে পড়েন তিনি।
অ্যান্ডারসন বলেন, ‘এতে আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কারণ, কী ঘটেছে, তা তখনো স্ত্রী ড্যানিয়েলাকে জানাইনি। মা-বাবাকেও কিছু বলিনি। সত্যি বলতে, সপ্তাহটা মোটেও ভালো কাটেনি।’
ল্যাঙ্কাশায়ারের হয়ে ক্যারিয়ার শেষ করার ইচ্ছা ছিল তার। কিন্তু এখন সেই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ থাকছে না। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে অ্যান্ডারসন বলেন, ‘শেষটা কেমন হবে, তা আমি জানি না। তবে আমি চেয়েছিলাম ল্যাঙ্কাশায়ারের হয়েই ক্যারিয়ার শেষ করতে। আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে কি না, সেটাও জানি না। সময়ই বলে দেবে। তবে কোনো একসময় কেউ যদি আমাকে অবসর নেওয়ার সুযোগ দিত, ভালো লাগত।’
ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সময়কার অভিজ্ঞতার সঙ্গেও বর্তমান পরিস্থিতির মিল খুঁজে পাচ্ছেন অ্যান্ডারসন। আড়াই বছর আগে রব কি, ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকস তাকে জানিয়েছিলেন, ইংল্যান্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তিনি আর নেই। এবার নিজের কাউন্টি ক্লাব থেকেও একই ধরনের সিদ্ধান্তের মুখোমুখি হতে হলো তাকে।
এমন পরিস্থিতিতে নিজের সামর্থ্য ও ব্যক্তিগত অবস্থান নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে বলে জানান অ্যান্ডারসন। তার ভাষায়, ‘খবরটি শোনার পর মনে হচ্ছিল, আবারও একই ঘটনা ঘটছে। মানুষ হিসেবে আমার মধ্যে কি মৌলিক কোনো সমস্যা আছে? মাথায় তখন নানা চিন্তা ঘুরছিল। প্রায় এক সপ্তাহ বুঝতেই পারিনি কীভাবে বিষয়টি নেব। মনে হচ্ছিল, হয়তো আর কখনো ক্রিকেট খেলতে পারব না।’
আগামী মৌসুমে অন্য কোনো কাউন্টি দলে যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাননি। ল্যাঙ্কাশায়ারের চিরপ্রতিদ্বন্দ্বী ইয়র্কশায়ারের হয়ে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তার উত্তর ছিল, ‘আমার তা মনে হয় না।’
এদিকে অ্যান্ডারসনের সঙ্গে ল্যাঙ্কাশায়ারের সম্পর্কের এমন পরিণতি মেনে নিতে পারছেন না তার সাবেক ইংল্যান্ড সতীর্থ স্টুয়ার্ট ব্রড। নিজের পডকাস্ট ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’-এ ক্লাবটির সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার সমালোচনা করেছেন তিনি।
ব্রড বলেন, ‘ল্যাঙ্কাশায়ার যেভাবে বিষয়টি সামলেছে, তা আমার ভালো লাগেনি। কাজটি সঠিকভাবে করা হয়নি। আমার মতে, এটি অসম্মানজনক। একজন কিংবদন্তি বা ক্রিকেটের মহান খেলোয়াড়কে এর চেয়ে ভালো বিদায় দেওয়া উচিত। ক্লাবটির নেতৃত্বের ঘাটতিই এতে প্রকাশ পেয়েছে।’
ল্যাঙ্কাশায়ারের হয়ে ২৫ বছরের পথচলা শেষ হওয়ার অপেক্ষায় অ্যান্ডারসন। তবে তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ অধ্যায় এখানেই লেখা হবে, নাকি নতুন কোনো কাউন্টি দলের হয়ে আরও কিছুদিন মাঠে দেখা যাবে তাকে সেই উত্তর আপাতত সময়ের হাতেই থাকছে।