উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর, ২০২৬, 11:06 AM
নিজস্ব প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর, ২০২৬, 11:06 AM
উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় সন্দেহভাজন চোরাকারবারীদের সঙ্গে বিজিবির গুলিবিনিময়ের ঘটনা ঘটলেও এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২৩ সেপ্টেম্বর মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী আনোয়ার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় চারজন সন্দেহভাজন ব্যক্তিকে বস্তা হাতে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার সময় বিজিবির ওপর গুলি চালায়।
তিনি আরও জানান, জবাবে বিজিবি সদস্যরাও গুলি চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বস্তা উদ্ধার করে। বস্তাগুলোর ভেতরে খাকি রঙের প্যাকেটের মধ্যে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা আনুমানিক ১৫ কাট বা ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও ঘটনাস্থল থেকে অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি বলে জানান বিজিবি কর্মকর্তারা।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবির অভিযান অব্যাহত থাকবে।