ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তীরে ফিরেছেন জেলেরা

#

নিজস্ব প্রতিনিধি

১২ অক্টোবর, ২০২৩,  5:20 PM

news image

মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ শিকারের ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। ইতোমধ্যে জাল, নৌকা, ট্রলারসহ ইলিশ শিকারের সব সরঞ্জাম নদীতে থেকে উঠিয়ে নিয়েছে জেলেরা। তবে নিষেধাজ্ঞার সময় কোনো অসাধু জেলে যাতে নদীতে মা ইলিশ শিকার করতে না পারেন সেজন্য কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলার মেঘনা নদীর তীরে সরেজমিনে দেখা গেছে, ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে ইতোমধ্যে নৌকা, ট্রলারসহ মাছ শিকারের সব উপকরণ নিয়ে তীরে ফিরে এসেছেন জেলেরা। নদীর তীরে বসে কেউ দলবল নিয়ে বসেছেন জাল বুনার কাজে, কেউ ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন।

সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের জেলে মো. আবু কালাম মাঝি জানান, সরকারি নিষেধাজ্ঞা মেনে বুধবার সন্ধ্যায় ট্রলার, জাল ও ইলিশ শিকারের সব উপকরণ নিয়ে তীরে ফিরে এসেছেন। এছাড়াও আজ সকালে তারা ট্রলার থেকে জাল বস্তাভর্তি করে এবং ট্রলারের মেশিন নিয়ে বাড়ি নিয়ে গেছেন। তারা আরও বলেন, আমরা চাই ২২ দিনের অভিযানে কোনো অসাধু জেলে যাতে নদীতে গিয়ে মা ইলিশ শিকার করতে না পারে সেজন্য আমরা সরকারি ও প্রশাসনের কাছে কঠোর অভিযান পরিচালনার দাবি জানাচ্ছি।

শিবপুর ইউনিয়নের লাভলু মাঝি বলেন, এ বছর ইলিশের ভরা মৌসুম ও নিষেধাজ্ঞার আগেও তারা মেঘনা-তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাননি। এখানে নিষেধাজ্ঞার ২২ দিন তাদের কিছুটা কষ্টে যাবে। তবে সরকারিভাবে তাদের জন্য ভিজিএফের চাল দ্রুত বিতরণ করলে তাদের কষ্ট কম হবে। এছাড়াও ২২ দিনের নিষেধাজ্ঞার সময় তারা বেকার সময় পার করবেন তাই বিভিন্ন এনজিওর ও ব্যাংক জেলেদের কিস্তি আদায় বন্ধ রাখার দাবিও জানান তারা। ভোলার ইলিশার নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন জানান, নিষেধাজ্ঞার ২২ দিন ভোলায় ইলিশ আহরণ, পরিবহন, মজুত বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ে যাতে কেউ করতে না পারে সেজন্য কঠোর অভিযান পরিচালনা করবো।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভোলার মেঘনা, তেঁতুলিয়া নদী ও সাগর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তিনি আরও জানান, ভোলার সাত উপজেলা সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা রয়েছে এক লাখ ৬৫ হাজার। এদের মধ্যে এ বছর সরকারিভাবে ভিজিএফের চাল পাবে এক লাখ ৩৩ হাজার ৮৯৯ জন জেলে। ইতোমধ্যে চাল বিতরণ শুরু হয়েছে। এছাড়াও এনজিওর কিস্তি আদায় বন্ধের বিষয়ে এখন সিদ্ধান্ত হয়নি তবে সেটার হয়ে যাবে। সূত্র: জাগোনিউজ২৪.কম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম