NL24 News
০১ ফেব্রুয়ারি, ২০২৬, 1:59 PM
ইয়ুথ ফর পলিসি বরগুনা জেলা কমিটির প্রথম অফিসিয়াল সভা অনুষ্ঠিত
বরগুনা প্রতিনিধিঃ ইয়ুথ ফর পলিসি বরগুনা জেলা কমিটির প্রথম অফিসিয়াল সভা শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা কমিটির সকল নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন। সভার শুরুতে টিম লিড এমডি সোহানুর রহমান সায়কাত ফুল দিয়ে সদস্যদের বরণ করে নেন এবং আনুষ্ঠানিকভাবে সভার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি ইয়ুথ ফর পলিসির ভিশন, মিশন ও উদ্দেশ্য তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্বের ওপর জোর দেন। একই সঙ্গে তিনি নির্বাহী কমিটির প্রতিটি সদস্যের দায়িত্ব ও ভূমিকা স্পষ্টভাবে ব্যাখ্যা করেন। সভায় কো-লিড শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং বরগুনা জেলায় ইয়ুথ ফর পলিসির কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পরে নির্বাহী কমিটির সকল সদস্য নিজেদের পরিচয় তুলে ধরেন। আলোচনা পর্বে টিম লিড ইয়ুথ ফর পলিসি কীভাবে তরুণদের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করে এবং টেকসই সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি নেতৃত্ব উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আসন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে সকল নির্বাহী সদস্যকে অংশগ্রহণের আহ্বান জানান।
গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়—
•প্রতিটি নির্বাহী সদস্য ন্যূনতম তিনজন স্বেচ্ছাসেবকের সঙ্গে কাজ করবেন
•তৃণমূল পর্যায়ে কার্যকর বাস্তবায়নের জন্য এই কাঠামো অনুসরণ করা হবে
•শিগগিরই সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি বৃহৎ সাধারণ সভা আয়োজন করা হবে
সভায় বরগুনা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে যুব বেকারত্ব, উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, শিক্ষা ও সচেতনতার ঘাটতি এবং মাদকাসক্তির মতো সামাজিক সমস্যাগুলো বিশেষভাবে গুরুত্ব পায়। এসব সমস্যা মোকাবিলায় যুবসমাজকে সম্পৃক্ত করে নীতি-ভিত্তিক উদ্যোগ গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে কমিটি।সভা শেষে বিভাগীয় সমন্বয়কারী সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে দিকনির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং একটি শক্তিশালী, কার্যকর ও যুবনির্ভর ইয়ুথ ফর পলিসি বরগুনা জেলা কমিটি গড়ে তোলার অঙ্গীকার করেন।