ঢাকা ০৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাণিসম্পদের ৮৫ শতাংশ ভ্যাকসিনের আমদানিনির্ভরতা কমাতে গবেষণা বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু ইয়াবার চালান নিয়ে বিরোধ, চারজনকে ধরে নির্যাতন; নিহত ২ আগামী বছর ঈদ ও পূজায় কত দিন ছুটি, জানা গেল ৬২ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল ৪০৬৮ কোটির দুই প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার মোংলা যাবেন প্রধানমন্ত্রী নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস

আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানালেন গোল্ডেন বুট জয়ী রদ্রিগেজ

#

স্পোর্টস ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২৬,  10:59 AM

news image

২০১৪ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে গোল্ডেন বুট জেতা কলম্বিয়ার তারকা জেমস রদ্রিগেজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে মঙ্গলবার কলম্বিয়া জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্তের কথা জানান তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রদ্রিগেজ বলেন, বহু বছর, অসংখ্য ম্যাচ এবং আনন্দ-বেদনার নানা মুহূর্ত পার করার পর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করার সময় এসেছে। কলম্বিয়ার জাতীয় দলের সঙ্গে তার যাত্রা এখানেই শেষ হচ্ছে বলেও জানান তিনি।


২০১১ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে কলম্বিয়ার হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় রদ্রিগেজের। অভিষেক ম্যাচেই দলের জয়সূচক গোল করেছিলেন তিনি। এরপর ধীরে ধীরে জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।


কলম্বিয়ার হয়ে ২০১৪, ২০১৮ ও ২০২৬ বিশ্বকাপে খেলেছেন রদ্রিগেজ। ২০২২ সালের কাতার বিশ্বকাপে অবশ্য কলম্বিয়া জায়গা করে নিতে পারেনি।


২০১৪ বিশ্বকাপ ছিল রদ্রিগেজের ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি। মাত্র পাঁচ ম্যাচে ছয় গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতেন তিনি। শেষ ষোলোতে উরুগুয়ের বিপক্ষে তার করা অসাধারণ ভলির গোলটি সেই বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে আছে। ওই আসরের পর তার প্রতি আগ্রহ দেখায় রিয়াল মাদ্রিদ এবং শেষ পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেন তিনি।


কলম্বিয়ার জার্সি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে রদ্রিগেজ বলেন, জাতীয় দলের জার্সি পরা তার জন্য যেমন স্বপ্ন ছিল, তেমনি এটি ছিল বড় দায়িত্বেরও বিষয়। প্রতিবার মাঠে নামার সময় তিনি শুধু নিজের জন্য নয়, পরিবার, সতীর্থ এবং দেশের হাজারো মানুষের জন্য খেলেছেন বলে জানান।


জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি পরার পাশাপাশি অধিনায়কের আর্মব্যান্ডও পরেছেন রদ্রিগেজ। ভালো সময়ের পাশাপাশি কঠিন সময়ও এসেছে তার ক্যারিয়ারে। তবে কলম্বিয়ার প্রতিনিধিত্ব করার গর্ব কখনো হারাননি বলে জানান তিনি।


গত ৭ জুলাই সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোতে টাইব্রেকারে হেরে বিদায় নেয় কলম্বিয়া। ওই ম্যাচটিই হয়ে থাকল জাতীয় দলের হয়ে রদ্রিগেজের শেষ ম্যাচ।


কলম্বিয়ার হয়ে ১৩১ ম্যাচে ৩১ গোল করেছেন রদ্রিগেজ, সঙ্গে রয়েছে ৪৩টি অ্যাসিস্ট। ২০২৪ কোপা আমেরিকাতেও অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। তবে ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া করে কলম্বিয়া।


আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ক্যারিয়ার এখনই শেষ করছেন না রদ্রিগেজ। সম্প্রতি কলম্বিয়ার ক্লাব অ্যাতলেটিকো নাসিওনালের সঙ্গে চুক্তি করেছেন তিনি। আরও কিছুদিন ক্লাব ফুটবল চালিয়ে যেতে চান ৩৫ বছর বয়সী এই তারকা।


বিদায়ী বার্তায় রদ্রিগেজ বলেন, তিনি শান্ত মনে বিদায় নিচ্ছেন, কারণ নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন। কলম্বিয়া ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম