ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

১৫ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২৬,  11:49 AM

news image

চৈত্রের শেষ ভাগে ঝাঁজালো রোদ আর ভ্যাপসা গরমে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের অন্তত ১৫ জেলায় বর্তমানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে। গতকাল শনিবার সংস্থাটি জানায়, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের ১০ জেলায় তাপপ্রবাহ চলছে। এসব অঞ্চলে তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ‘বর্তমান তাপপ্রবাহ আরও দুদিন থাকতে পারে। তবে ৬ এপ্রিলের পর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।’ এর আগে পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসের পূর্বাভাস অনুযায়ী, এ মাসে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ হতে পারে। এ ছাড়া এই মাসে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ১৯ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শনিবার বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ। তিনি জানান, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম