ঢাকা ২০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কলাপাড়ায় আওয়ামীলীগের লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, আটক ২ সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

১০৪ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যার প্রতিবেদন

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৩,  6:51 PM

news image

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে প্রায় গত ১২ বছরে ১০৪ বারের মতো পেছাল মামলার তদন্ত প্রতিবেদন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আলোচিত এই মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলাটির তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেননি। এর ফলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জানুয়ারি তারিখ ধার্য করেন। আলোচিত এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আট জন। অন্য আসামিরা হলেন বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এ টি এন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। নৃশংস এ হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্তারা বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। এরপর শত শত ৪৮ ঘণ্টা পেরিয়েছে। কূল-কিনারা হয়নি আলোচিত এই মামলার। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় হতাশ সাগর-রুনির পরিবার। মামলার বাদী নওশের আলম রোমান বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রায় ১২ বছর হয়ে গেলো। এখনও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেনি তদন্তকারী সংস্থা। এতদিনে প্রতিবেদন দাখিল না হওয়ায় আমরা হতাশ। গত প্রায় ১২ বছরে আমার চোখের সামনে অনেক আলোচিত হত্যা মামলার বিচার শেষ হয়েছে। সেসব মামলার আসামিদের শাস্তি হয়েছে। কিন্তু কোনো অদৃশ্য শক্তির কারণে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত আটকে আছে? সরকারের কাছে আমাদের দাবি, এই হত্যাকাণ্ডের রহস্য যেন দ্রুত উদ্ঘাটন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম