সীতাকুণ্ডে যুবককে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিনিধি
১৭ অক্টোবর, ২০২৬, 11:26 AM
নিজস্ব প্রতিনিধি
১৭ অক্টোবর, ২০২৬, 11:26 AM
সীতাকুণ্ডে যুবককে গুলি করে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত আলী আহমদ ও মায়ের নাম জমিলা খাতুন। আহত তাফসির আলম শাওন বাড়বকুণ্ডের অলিনগর এলাকার ইউসুফের সন্তান।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে সাদ্দাম নামের এক ব্যক্তির অফিসের সামনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক স্বজনদের বরাতে জানান, এলাকার কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালালে দুজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গুলিবিদ্ধ তাফসির আলম শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।