রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, 1:54 PM
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, 1:54 PM
রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক
শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএসসিসি প্রশাসক আব্দুল সালাম।
রাজধানীকে পরিচ্ছন্ন রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে মূল সড়কে কোনো হকারকে বসতে দেয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুল সালাম।
তিনি জানান, নিবন্ধনের আওতাভুক্ত হকার ছাড়া অন্য কাউকে ব্যবসা করতে দেয়া হবে না। একই সঙ্গে অনুমোদন ছাড়া ফুটপাত বা মূল সড়ক দখল করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন, পরিচ্ছন্নতা ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান চলাকালে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে। নির্দিষ্ট স্থান ও নিবন্ধন প্রক্রিয়ার বাইরে কোনো হকারকে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। অননুমোদিতভাবে কেউ ফুটপাত কিংবা মূল সড়ক দখল করে দোকান বসালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ লক্ষ্য বাস্তাবায়নে এবং নগরবাসীকে যানজটমুক্ত সুশৃঙ্খল নগরী উপহার দিতেই এ বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।