নিজস্ব প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি, ২০২২, 3:59 PM
ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২
ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় নানি ও নাতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ সেনা সদস্য। আজ বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গফরগাঁও উপজেলার কিষ্টবাজার এলাকার আব্দুল হামিদের স্ত্রী মুর্তুজা খাতুন (৬০) ও তার নাতি ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে জান্নাত (৩)। আহত সেনা সদস্যরা হলেন সার্জেন্ট মির্জা (৪০), সেনা সদস্য কাজী আল মামুন (৩৪), গোবিন্দ (৩৭), আবদুল্লাহ (২২), মাহফুজুর রহমান (২২), রোমান (২২) ও কাউসার আহাম্মেদ (২২)। তারা সবাই ময়মনসিংহ ক্যান্টনমেন্টে কর্মরত। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহের সিএমএইচ’এ প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত একটি কাভার্ডভ্যান নানি ও নাতিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুজনই ঘটনাস্থলে নিহত হন। অন্যদিকে রাস্তায় পড়ে থাকা লাশ চাপা দেওয়া এড়াতে একই দিকগামী সেনাবাহিনীর একটি পিকআপকে চাপা দেয় অপর একটি বাস। এতে সেনা সদস্যদের বহন করা গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. তুষার জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ৭ সেনা সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে একজন ডাক্তারের তত্ত্বাবধানে ময়মনসিংহ সিএমএইচ’এ প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে ২ সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় বলেন, কাভার্ডভ্যানের চাপায় দুইজন নিহত হওয়ার পর পেছনের একটি বাস সেনাবাহিনীর গাড়িকে চাপা দিলে গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার থানায় নিয়ে আসা হয়েছে।