ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

মেসির চোখে ভবিষ্যৎ ফুটবলের সেরা ১০ তারকা

#

স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর, ২০২৬,  11:11 AM

news image

নিজের অভিজ্ঞ চোখে বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের ১০ প্রতিভাবান খেলোয়াড়কে বেছে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তার নির্বাচিত তালিকায় জায়গা করে নিয়েছেন পুরুষ ও নারী ফুটবলের উদীয়মান তারকারা। আর এই তালিকায় আর্জেন্টিনার তরুণ ফুটবলার তোমাস আরান্দার নাম থাকায় বাড়তি আগ্রহ তৈরি হয়েছে দেশটির ফুটবলপ্রেমীদের মধ্যে।


মেসির মতো কিংবদন্তির কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া যেকোনো তরুণ ফুটবলারের জন্যই বিশেষ অর্জন। আরান্দাও নিজের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।


বোকা জুনিয়র্সের এই তরুণ প্রতিভার সঙ্গে মেসির পরিচয় অবশ্য কেবল দূর থেকে নয়। ২০২৬ বিশ্বকাপের আগে আর্জেন্টিনা জাতীয় দলের প্রস্তুতির সময় কয়েক সপ্তাহ মেসির সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন আরান্দা। সেই সময় কাছ থেকেই তাঁর খেলার ধরন দেখার সুযোগ পান আর্জেন্টাইন অধিনায়ক। তবে পায়ের ফিবুলা হাড় ভেঙে যাওয়ায় বর্তমানে মাঠের বাইরে রয়েছেন এই তরুণ প্লেমেকার।


একটি বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে মেসি এই ১০ প্রতিভার নাম তুলে ধরেন। সেখানে ভবিষ্যৎ ফুটবলের সম্ভাবনা নিয়ে বলা হয়েছে, এই তরুণেরাই নতুনভাবে লিখতে পারে খেলাটির আগামী দিনের গল্প। বর্তমানের সাফল্যের পাশাপাশি ভবিষ্যতের ফুটবল নিয়েও যে মেসির দৃষ্টি রয়েছে, এই উদ্যোগে সেটিই ফুটে উঠেছে।


পুরুষ ফুটবলের তরুণদের মধ্যে আছেন তুরস্কের জান উজুন, মেক্সিকোর গিলবার্তো মোরা, ইংল্যান্ডের ম্যাক্স ডাউম্যান, যুক্তরাষ্ট্রের জাভিয়ের গোজো, স্পেনের হেসুস রদ্রিগেস এবং নেদারল্যান্ডসের কিস স্মিট। নিজ নিজ ক্লাবে সম্ভাবনাময় হিসেবে পরিচিত এই খেলোয়াড়দের পাশাপাশি আর্জেন্টিনার আরান্দাকেও ভবিষ্যতের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে তুলে ধরা হয়েছে।


নারী ফুটবলেও তিন প্রতিভাকে বেছে নিয়েছেন মেসি। তারা হলেন ইংল্যান্ডের ক্লোয়ি সারউই, ব্রাজিলের জিওভান্না ওয়াকসম্যান এবং জার্মানির লোটা ভ্রেডে। পুরুষদের পাশাপাশি নারী ফুটবলের উদীয়মান খেলোয়াড়দের অন্তর্ভুক্তি তালিকাটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।


এদিকে জাতীয় দলের অধ্যায় শেষ করার পর ক্লাব ফুটবলে মনোযোগী হয়েছেন মেসি। বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচের পর আর্জেন্টিনা দলের হয়ে তার বিদায় নিয়ে আলোচনা চলছে ফুটবলবিশ্বে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলছেন এই মহাতারকা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের জয়ে জোড়া গোল করে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।


মাঠে নিজের অসাধারণ কীর্তির পাশাপাশি আগামী দিনের ফুটবল প্রতিভাদের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়েও আলোচনায় মেসি। তার নির্বাচিত তালিকার তরুণেরা ভবিষ্যতে কতটা সাফল্য পান, এখন সেটিই দেখার অপেক্ষা।


মেসির বেছে নেওয়া ১০ তরুণ তারকা

১. তোমাস আরান্দা (আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স)

২. জান উজুন (তুরস্ক, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)

৩. গিলবার্তো মোরা (মেক্সিকো, তিজুয়ানা)

৪. ম্যাক্স ডাউম্যান (ইংল্যান্ড, আর্সেনাল)

৫. জাভিয়ের গোজো (যুক্তরাষ্ট্র, ক্রিস্টাল প্যালেস)

৬. হেসুস রদ্রিগেস (স্পেন, কোমো ১৯০৭)

৭. কিস স্মিট (নেদারল্যান্ডস, এজেড আলকমার)

৮. ক্লোয়ি সারউই (ইংল্যান্ড, চেলসি)

৯. জিওভান্না ওয়াকসম্যান (ব্রাজিল, ওএল লিওন)

১০. লোটা ভ্রেডে (জার্মানি, হামবুর্গ এসভি)

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম