ঢাকা ২২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আসছে এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান নতুন করে খেলাপি হওয়ার শঙ্কায় বহু পোশাক কারখানা মালিক ভারতে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন দরিদ্রদের আয়ের প্রায় ২০ শতাংশ যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত ১১ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্টে মা-মেয়ের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত ১১

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর, ২০২৬,  11:37 AM

news image

 ২১ নভেম্বর মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যে গুয়ামুচিল ও গুয়াসাবে শহরের মধ্যবর্তী মহাসড়কে অগ্নিনির্বাপক কর্মীরা একটি জ্বলন্ত পণ্যবাহী ট্রাকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। মাদক সম্রাট ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেসকে (ইনসেটে) গ্রেফতারের জেরে সৃষ্ট সহিংসতার পর এ ঘটনা ঘটে।


মেক্সিকোর সিনালোয়া রাজ্যে কুখ্যাত মাদক চক্রের প্রধান ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেসকে গ্রেফতারের অভিযান ঘিরে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাদক চক্রের সদস্যদের রাতভর সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন সন্দেহভাজন মাদক চক্রের সদস্য এবং মেক্সিকান সেনাবাহিনীর চার সদস্য রয়েছেন।


শনিবার (২১ নভেম্বর) মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।


‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত মেজা ফ্লোরেসকে শুক্রবার গ্রেফতার করা হয়। সিনালোয়া রাজ্যের গুয়াসাবে শহরে নিরাপত্তা বাহিনী ও মাদক চক্রের সদস্যদের মধ্যে দীর্ঘ সময় ধরে গোলাগুলি চলে। এ সময় বিভিন্ন সড়কে অবরোধ সৃষ্টি করা হয় এবং একাধিক ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে শনিবার তাকে বিমানে করে রাজধানী মেক্সিকো সিটিতে নেয়া হয়।


এ অভিযানে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন জার্মান এন, যিনি ‘সেরাফিন’ নামে পরিচিত এবং মাদক চক্রের দ্বিতীয় শীর্ষ নেতা বলে সন্দেহ করা হচ্ছে। অন্যজন হোসে এন, যিনি সংগঠনটির আর্থিক কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত বলে ধারণা করা হয়। তাদেরও মেক্সিকো সিটিতে নিয়ে সরকারি কৌঁসুলিদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এফবিআইয়ের সর্বাধিক কাঙ্ক্ষিত ১০ পলাতক অপরাধীর তালিকায় থাকা মেজা ফ্লোরেস একসময় বেলত্রান লেইভা মাদক চক্রের নেতৃত্বে উঠে আসেন। পরবর্তী সময়ে তিনি ‘মেজা-ফ্লোরেস’ নামে নিজস্ব একটি আন্তর্জাতিক অপরাধী সংগঠনের প্রধান হয়ে ওঠেন। তিনি সিনালোয়া মাদক চক্রের উপদল ‘লস মায়োস’-এর ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচিত।


যুক্তরাষ্ট্র গত বছর এই উপদলটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। মাদক পাচারের অভিযোগে মার্কিন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে মেজা ফ্লোরেসকে খুঁজছিল। তাকে গ্রেফতারে সহায়তাকারী তথ্যের জন্য ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।


স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গুয়াসাবে শহরে গোলাগুলি শুরু হয়। অল্প সময়ের মধ্যেই আকাশে সামরিক হেলিকপ্টার ও ড্রোনের উপস্থিতি দেখা যায়। হেলিকপ্টার থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গুলিবর্ষণ করা হয়।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেসবল খেলা চলার সময় হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করছেন। বিভিন্ন গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন জ্বলতে দেখা যায়। একই সময়ে সামরিক হেলিকপ্টারগুলো শহরের আকাশে চক্কর দিচ্ছিল।


নাম প্রকাশে অনিচ্ছুক এক ফেডারেল কর্মকর্তা জানান, সংঘর্ষের কারণে মেক্সিকান সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনী শনিবার ভোর ৪টা পর্যন্ত মেজা ফ্লোরেসকে গুয়াসাবে থেকে সরিয়ে নিতে পারেনি।


অভিযান শেষে শহরটিতে আপাতত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মাদক চক্রের প্রধানকে সরিয়ে দেওয়ার ফলে ওই অঞ্চলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। কারণ, অঞ্চলটিতে আগে থেকেই বিভিন্ন অপরাধী গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে। তথ্যসূত্র: আলজাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম