নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, 11:58 AM
মন্ত্রী-প্রতিমন্ত্রী যত সুবিধা পাবেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গতকাল বিকালে নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নিয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী অতীতের মতোই সুযোগ-সুবিধা পাবেন।দ্য প্রাইম মিনিস্টার’স (রেমুনারেশেন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ ১৫ হাজার টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা, দৈনিক ভাতা পান তিন হাজার টাকা। প্রধানমন্ত্রী একটি সরকারি বাসভবন পান। ওই বাসভবনের সজ্জা ও রক্ষণাবেক্ষণের ব্যয়ভার বহন করে সরকার।
মন্ত্রী যেসব সুবিধা পান
একজন মন্ত্রী বেতন পান মাসিক এক লাখ পাঁচ হাজার টাকা। ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপরাও সমান বেতন পান। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোনো কর দিতে হয় না। মাসিক বেতন ছাড়াও একজন মন্ত্রী আরও অনেক সুবিধা পান। যেমন দৈনিক ভাতা দুই হাজার টাকা; নিয়ামক ভাতা মাসিক ১০ হাজার
টাকা; স্বেচ্ছাধীন তহবিল ১০ লাখ টাকা; মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা; সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি। ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন, যার যাবতীয় খরচ সরকার বহন করবে।
বিনা ভাড়ায় সরকারি বাসভবন : গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে। আসবাবপত্র : সরকারি বাসায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মূল্যের আসবাবপত্র; সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৮০ হাজার টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল।
এছাড়া বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের খরচ পাবেন। নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও তিনি পাবেন। এছাড়া অন্তত দুইজন গৃহকর্মীর ভ্রমণের খরচ পাবেন।
উপ-সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্র্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব। জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডের দুইজন কর্মকর্তা। আরও পাবেন একজন জমাদার ও একজন আর্দালি, দুইজন এমএলএসএস, একজন পাচক বা পিয়ন।
প্রতিমন্ত্রীর বেতন-ভাতা
প্রতিমন্ত্রীদের বেতন প্রতি মাসে ৯২ হাজার টাকা। এই আয়ের ওপর কোনো কর নেই। এছাড়া তিনি আরও পাবেন দৈনিক ভাতা দেড় হাজার টাকা; প্রতিমন্ত্রীর নিয়ামক ভাতা ৭ হাজার ৫০০ টাকা; স্বেচ্ছাধীন তহবিল সাড়ে ৭ লাখ টাকা; মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা। বিনা ভাড়ায় সরকারি বাসভবন : গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে। আসবাবপত্র : সরকারি বাসায় সর্বোচ্চ চার লাখ টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৭০ হাজার টাকা, সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ সব ধরনের সেবা খাতের বিল ও বাড়ি ব্যবস্থাপনা খরচ।
উপ-সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব। জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডের দুইজন কর্মকর্তা। আরও পাবেন একজন জমাদার ও একজন আর্দালি, দুইজন এমএলএসএস, একজন পাচক বা পিয়ন।
উপমন্ত্রীর বেতন-ভাতা
একজন উপমন্ত্রী বেতন পান ৮৬ হাজার ৫০০ টাকা। তাকেও বেতন-ভাতার জন্য কোনো কর দিতে হবে না। দৈনিক ভাতা দেড় হাজার টাকা; নিয়ামক ভাতা পাঁচ হাজার টাকা; স্বেচ্ছাধীন তহবিল সাড়ে ৫ লাখ টাকা; মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা। বিনা ভাড়ায় সরকারি বাসভবন : গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে। আসবাবপত্র : সরকারি বাসায় সর্বোচ্চ চার লাখ টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৭০ হাজার টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল, সহকারী সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব। পাশপাশি একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার ও একজন আর্দালি, একজন এমএলএসএস, একজন পাচক বা পিয়ন। এছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে, তারা আরও কিছু অতিরিক্ত সুবিধা পেয়ে থাকেন।