আবুল হোসেন বাবলু
২৩ সেপ্টেম্বর, ২০২২, 10:11 AM
ভূরুঙ্গামারীর প্রশ্ন ফাঁসের ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার ৬ বরখাস্ত হলেন উ. জে. শিক্ষা অফিসার
ভূরুঙ্গামারীতে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আজ গ্রেফতার হলো ৩ জন। এ নিয়ে দুই ধাপে গ্রেফতার হয়েছে প্রধান শিক্ষক ও কেন্দ্র সচীবসহ মোট ৬ জন। গ্রেফতার থেকে রক্ষা পেলেও সাময়িক বরখাস্ত হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘটনায় ওই বিদ্যালয়ের আরো ২জন শিক্ষক এবং ১জন অফিস সহায়ককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় নিয়ে আসা হলেও পরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ওই বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক সোহেল আল মামুন, পদার্থ বিজ্ঞান বিষয়ের শিক্ষক হামিদুল ইসলাম এবং অফিস সহায়ক সুজন মিয়া। বৃহস্পতিবার দুপুরে এদের কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের মামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচীবসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার প্রধান শিক্ষক ও কেন্দ্র সচীব লুৎফর রহমান, ইংরেজি বিষয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং ইসলাম শিক্ষার শিক্ষক জোবায়ের হোসাইনকে কারাগারে পাঠায় পুলিশ। তবে এজাহার নামীয় আসামী অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, এ ঘটনায় মহাপরিচালকের পক্ষে জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল ইসলাম বৃহস্পতিবার সকালে ওই বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেন। তিনি সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ অন্যান্য শিক্ষকদের জবানবন্দীও রেকর্ড করেন। জেলা শিক্ষা কর্মকর্তা জানান, প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে জড়িত কেউ রেহাই পাবেনা। জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। জানা গেছে, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, প্রশ্ন ফাঁসের ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ফারাজ উদ্দিন তালুকদারকে আহ্বায়ক করে গঠিত ৩ সদস্যের তদন্ত টিম ইতিমধ্যে ভূরুঙ্গামারীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। তদন্তটিমের অন্যান্য সদস্যরা হলেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উমা) প্রফেসর হারুন অর রশিদ মন্ডল এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক আকতারুজ্জামান।
দায়িত্বে অবহেলার কারনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান সাময়িক বরখাস্ত হলেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর)এ আদেশ জারি করেছেন, বিপুল চন্দ্র বিশ্বাস, উপ-পরিচালক সাধারণ প্রশাসন। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রশ্নপত্র ফাঁসের মামলায় নতুন করে আরও ৩ জনকে গ্রেফতার করে কুড়িগ্রাম কাের্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।