ব্যবহারকারীদের তথ্য নিয়ে প্রতারণা: মেটাকে আড়াই হাজার কোটি ডলার জরিমানার নির্দেশ
আইটি ডেস্ক
২২ অক্টোবর, ২০২৬, 11:24 AM
আইটি ডেস্ক
২২ অক্টোবর, ২০২৬, 11:24 AM
ব্যবহারকারীদের তথ্য নিয়ে প্রতারণা: মেটাকে আড়াই হাজার কোটি ডলার জরিমানার নির্দেশ
কেমব্রিজ অ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারির ঘটনায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে আড়াই হাজার (২৫০০) কোটি ডলার জরিমানার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একজন বিচারক। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে প্রতারণার দায়ে গত বুধবার প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটিকে এই বিশাল অঙ্কের জরিমানা করা হয়।
২০১৮ সালে মেটা (তৎকালীন ফেসবুক) জানিয়েছিল, কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি রাজনৈতিক বিশ্লেষক প্রতিষ্ঠান প্রায় ৮ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অন্যায়ভাবে হাতিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রের ভোটারদের প্রোফাইল তৈরির কাজে এই তথ্য ব্যবহার করা হয়েছিল। এরপর ২০২১ সালে নিউ মেক্সিকো অঙ্গরাজ্য কর্তৃপক্ষ মেটার বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ ছিল, মেটা ওই অঙ্গরাজ্যের বাসিন্দাদের ব্যক্তিগত তথ্য সঠিকভাবে সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে এবং নিজেদের নীতি সম্পর্কে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে।
গত সেপ্টেম্বরে জুরিবোর্ড প্রমাণ পায়, মেটা নিউ মেক্সিকোর ‘অন্যায্য চর্চা আইন’ ৪ কোটি ৩০ লাখ বারের বেশি লঙ্ঘন করেছে। বুধবার জরিমানার রায় ঘোষণার সময় বিচারক ফ্রান্সিস ম্যাথিউ মেটার সমালোচনা করে বলেন, জনগণকে বিভ্রান্ত করতে এটি ছিল তাদের একটি সুপরিকল্পিত কৌশল। ব্যবহারকারীদের তথ্যের নিয়ন্ত্রণের বিষয়ে মেটার এই মিথ্যাচার বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি তাদের ব্যবসায়িক মডেলের মূলে থাকা একটি পদ্ধতিগত প্রতারণা।
তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির প্রধান আইন কর্মকর্তা সি. জে. মহোনি এক বিবৃতিতে নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে গোপনীয়তা এবং বাকস্বাধীনতার বিষয়টিকে গুলিয়ে ফেলার অভিযোগ আনেন। তিনি বলেন, এই মামলার মূল উদ্দেশ্য হলো অনলাইনে মানুষের কথা বলার ওপর একধরনের কর আরোপ করা।
এদিকে, জরিমানার এই নির্দেশ মেটার ব্যবসার ওপর চাপ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি কিশোর-তরুণদের প্ল্যাটফর্মে আসক্ত করা এবং ক্ষতির অভিযোগ নিষ্পত্তির জন্য ১ হাজার ৮০০ কোটি ডলারের একটি চুক্তিতে রাজি হয় মেটা। এর ফলে সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা প্রত্যাশার চেয়ে কম হয়েছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগের কারণে মেটার ব্যবসা এখনও ব্যাপকভাবে বাড়ছে। সর্বশেষ প্রান্তিকে তাদের বিক্রি ২৬ শতাংশ বেড়ে ৬ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে।