নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর, ২০২২, 4:25 PM
বাংলাদেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এসেছে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর রয়েছে। হোলি আর্টিজানে হামলার মতো ঘটনার পর থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে। যে কারণে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আইজিপি কাপ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের উদ্দেশে আইজিপি আবদুল্লাহ আল মামুন এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যেকোনো অপরাধ মোকাবিলা করার মতো প্রস্তুতি বাংলাদেশ পুলিশের আছে। এ ছাড়া যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার সামর্থ্যও আছে পুলিশের। সম্প্রতি বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা অভিযোগ করেছেন, পুলিশ সরকারের পক্ষ নিয়ে বিএনপির ওপর আইন প্রয়োগে করছে। এ প্রসঙ্গে আইজিপি বলেন, এ ধরনের অভিযোগ মোটেও সঠিক নয়। পুলিশ অপরাধ দমনে যতটুকু প্রয়োজন, ততটুকুই করে। একটুও বেশি করে না। ময়মনসিংহে মহানগর পুলিশের সেবা কবে নাগাদ শুরু হতে পারে জানতে চাইলে আইজিপি বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক মন্দা চলছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমরা এ ধরনের মন্দার খবর পাচ্ছি। তারপরও সরকার ময়মনসিংহে মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু করার জন্য চেষ্টা করছে।’ এর আগে আইজিপি কাপ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহমদ ভূঞার সভাপতিত্বে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক, ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।