ঢাকা ২২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সৌদি পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ বাংলাদেশি হজযাত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল, ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান স্থানীয় নির্বাচনে যাতে সহিংসতা না হয়, সেটাই আমাদের লক্ষ্য: সিইসি পাসপোর্টে ফিরছে 'ইসরায়েল ব্যতীত', বড় পরিবর্তন আসছে জলছাপেও শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে যেসব প্রস্তুতি সরকারের

দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৫,  10:40 AM

news image

মাথায় গুলিবিদ্ধ জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে আজ সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল রবিবার এ তথ্য জানিয়েছে। প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে রবিবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর ও ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি টেলিফোন কনফারেন্সে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছিল। রবিবার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সোমবার দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে জানিয়ে প্রেস উইং বলেছে, এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিক্যাল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ওসমান হাদির চিকিৎসার সব খরচ রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, তার চিকিৎসাপ্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম