ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মামুনুল হকের ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা হবিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ফোর্স মোতায়েন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে: তারেক রহমান কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করা হবে: ডা. শফিকুর রহমান রাজনীতি করেন, কিন্তু দয়া করে মিথ্যা বলবেন না আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক দুইপক্ষের সংঘর্ষে গুলিতে স্কুলছাত্র নিহত ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ আটক ২ সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ, দুর্যোগপূর্ণ তিন এলাকা

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  11:04 AM

news image

পরিবেশ ও জলবায়ু বিপর্যয়ের অন্যতম কারণ বায়ুদূষণ। বিশেষ করে বিশ্বের মেগা সিটিগুলোতে দূষণের মাত্রা বেড়ে চলেছে ব্যাপকভাবে। বাংলাদেশের রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে আছে বায়ুদূষণের কবলে; ক্রমশই হারাচ্ছে বাসযোগ্যতা। মাঝে কিছুটা উন্নতির দিকে থাকলেও শীত আসার পর থেকে আবারও ব্যাপক হারে দূষণ পরিলক্ষিত হচ্ছে ঢাকার বাতাসে। প্রতিদিনই  বিশ্বের দূষিত নগরীর তালিকায় প্রথম দিকে দেখা যাচ্ছে ঢাকার নাম। আজ সোমবারও (২ ফেব্রুয়ারি) এর ব্যতিক্রম নয়। এদিন সকাল সাড়ে ৯টার বায়ুমানের আপডেট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় দুইয়ে অবস্থান করছে ঢাকা। বাংলাদেশের রাজধানীর সার্বিক একিউআই স্কোর দেখা গেছে ২৬২। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।

এর মধ্যে নগরীর একটি স্থানে আজ দূষণের মাত্রা ৪০০-র বেশি। এ অবস্থা ‘বিপর্যয়কর’। এ স্থানটি ছাড়াও আরও দুই স্থানের অবস্থাও দুর্যোগপূর্ণ; একিউআই স্কোর ৩০০ এর ওপরে। সব মিলিয়ে নগরীর আট স্থানে দূষণ পরিস্থিতি খুব খারাপ দেখা গেছে সবশেষ আপডেটে। এদিকে একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছিল আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা; বায়ুমান স্কোর ছিল ২৮৬। আর তৃতীয় অবস্থানে ছিল মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর; একিউআই স্কোর ২০৯। উল্লেখ্য, বায়ুদূষণের মাত্রা ২০০-র বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।

বায়ুদূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। আজ ঢাকার বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শও দিয়েছে আইকিউএয়ার। গত জানুয়ারি মাসের অর্ধেকের বেশি সময় ধরে বায়ুদূষণে শীর্ষে ছিল ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, এই অসহনীয় বায়ুদূষণে নানা শারীরিক সমস্যায় পড়ছেন নগরবাসী। আগের চেয়ে এসব সমস্যা এখন বেশি অনুভূত হচ্ছে। ঢাকার একাধিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সেগুলোয় শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বাড়ছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে গৎবাঁধা কিছু কথা আর লোকদেখানো উদ্যোগ ছাড়া এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছুই করা হয়নি বলে মত পর্যবেক্ষক-বিশেষজ্ঞদের। দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে; বরং কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকছে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে, এসব কার্যক্রমের তেমন কোনো ফল নেই। বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের স্থানীয় উৎসগুলো নিয়ন্ত্রণ হচ্ছে না। এসব উৎস নিয়ন্ত্রণে আদৌ সেভাবে কোনো চেষ্টা করা হয়নি। ঢাকার বায়ুদূষণের উৎসগুলোর মধ্যে আছে যানবাহন ও কলকারখানার দূষিত ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালু, বিভিন্ন দ্রব্য পোড়ানোর কারণে সৃষ্টি ধোঁয়া, ইটভাটা। আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার আট স্থানের বায়ুর মান ‘খুব খারাপ’ ছিল। স্থানগুলো হলো—নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (৪০৮), বেচারাম দেউড়ি (৩০২), ধানমন্ডি (৩০০), দক্ষিণ পল্লবী (২৭৮), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৬৯), বে’জ এইজ ওয়াটার (২৫৬), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৩৬) ও গোড়ান (২১৩)। আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে। সূত্র : আরটিভি অনলাইন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম