ঢাকা ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

ড্রেসিং রুমে ধূমপান করে শাস্তি পেলেন সুজন

#

ক্রীড়া প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  4:23 PM

news image

চলতি বিপিএলে ম্যাচ চলার সময় ড্রেসিং রুমে ধূমপানের ঘটনার তিন দিন পর শাস্তি পেলেন খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবির এই টিম ডিরেক্টরকে ক্রিকেটের চেতনাবিরোধী কাজের জন্য ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। একই দিন আচরণবিধি ভঙ্গের কারণে রংপুর রাইডার্সের শেখ মেহেদি হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেনকেও জরিমানা করা হয়েছে। এর আগে বিপিএলে লিগ পর্বের শেষ দিনে ফরচুন বরিশালকে ৬ উইকেটে হারিয়ে রোমাঞ্চকর জয় পায় খুলনা টাইগার্স। তবে খুলনার এই জয় ছাপিয়ে যায় সুজনের ধূমপান-কাণ্ডে। জয় থেকে ৪ রানে দূরে থাকার সময় সরাসরি সম্প্রচারকৃত টিভি পর্দায় স্পষ্ট দেখা যায়, ড্রেসিং রুমে বসে ধুমপান করছেন খালেদ মাহমুদ। খুলনা কোচের সিগারেটে টান দেওয়ার এক ঝলকের ওই দৃশ্য দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। বিসিবির আচরণবিধির লেভেল-১-এর ২.২০ ধারা ভঙ্গের অভিযোগে সুজনের বিরুদ্ধে এই শাস্তি দেওয়া হয়। ওইদিন ম্যাচের আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে ম্যাচ রেফারি দেবব্রত পাল এই শাস্তির সিদ্ধান্ত দেন। সুজন তার দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। সাবেক এই অলরাউন্ডার বিপিএলের বিভিন্ন আসরে কোচ হিসেবে কাজ করে আসছেন। ঘরোয়া ক্রিকেটে কোচিং করাচ্ছেন অনেক বছর ধরেই। জাতীয় দলে নানা সময়ে ম্যানেজার, সহকারী কোচসহ নানা ভূমিকায় দেখা গেছে তাকে। বিসিবির পরিচালক হিসেবে আছেন টানা তৃতীয় মেয়াদে। বোর্ডে দায়িত্ব পালন করছেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, ক্রিকেট পরিচালনা বিভাগ ও টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে। এদিকে গতকাল বরিশালের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে শেষ ওভারে পরপর দুই বলে চার মেরে রংপুরকে জেতান শেখ মেহেদি। তবে সেই জয়ের উল্লাস করতে গিয়ে ব্যাট দিয়ে নিজের হেলমেটে আঘাত করে বসেন তিনি। এরপর এক পর্যায়ে হেলমেটও ছুঁড়ে মারেন তিনি। এই ঘটনায় ম্যাচ শেষে বিসিবির আচরণবিধির ২.২ ধারার ক্রিকেট উপকরণের প্রতি অসম্মান কিংবা অপব্যবহার ভঙ্গের অভিযোগে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট গুনতে হয় রংপুর রাইডার্সের অলরাউন্ডারকে। একই ম্যাচে মেহেদির সতীর্থ নিকোলাস পুরানকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এ ছাড়া তার নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। অভিযোগে বলা হয়েছে পুরান বিসিবির আচরণবিধির ২.২২ ধারায় জার্সি নীতিমালা ভঙ্গ করেছেন। ম্যাচ রেফারি আখতার আহমেদ ফিল্ড আম্পায়ারদের অভিযোগের পর শাস্তির সিদ্ধান্ত জানান। মেহেদি ও পুরান নিজেদের দায় স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও ঘটেছে এমন ঘটনা। আগের ম্যাচে পুরানের মতো জার্সির লোগোর নীতিমালা ভঙ্গ করে শাস্তি পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। এই ঘটনায় মোসাদ্দেককে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ম্যাচ রেফারির নিয়ামুর রশিদের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন কুমিল্লার অলরাউন্ডার। তাই শুনানির প্রয়োজন পড়েনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম