ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হেরোইন পাচারের ট্রানজিট কক্সবাজার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২ দোকান আগুনে পুড়ে ছাই শ্রমিক অসন্তোষ: আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টিতে ছুটি ঘোষণা সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক শীতে পর্যটক বরণে প্রস্তুত সিলেট সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘ

ডায়াবেটিসে পায়ের অল্প ক্ষত থেকেও হতে পারে গ্যাংগ্রিন, কীভাবে এড়াবেন

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৬,  11:17 AM

news image

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পায়ের সামান্য ক্ষত থেকেও বড় ধরনের বিপদ তৈরি হতে পারে। সময়মতো চিকিৎসা না করালে সেই ক্ষত থেকে সংক্রমণ ছড়িয়ে গ্যাংগ্রিন পর্যন্ত হতে পারে। এমনকি পরিস্থিতি গুরুতর হলে পায়ের আঙুল, পায়ের কোনো অংশ কিংবা পুরো পা কেটে বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের সমস্যাকে বলা হয় ডায়াবেটিক ফুট ডিজিজ।


দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি, বিশেষ করে যাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে না, তাদের পায়ের রক্ত চলাচল ও স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেশি। ফলে পায়ে আঘাত লাগলেও অনেক সময় ব্যথা অনুভূত হয় না। ছোট ক্ষত থেকেও তৈরি হতে পারে বড় সংক্রমণ।


কলকাতার পুনর্গঠনমূলক শল্যচিকিৎসক ডা. অনুপম গোলাসের মতে, পায়ের ত্বক শক্ত হয়ে যাওয়া, কড়া তৈরি হওয়া, পুঁজ বা রস বের হওয়া এবং আঙুলের রং পরিবর্তন হওয়া ডায়াবেটিক ফুটের গুরুত্বপূর্ণ লক্ষণ। এসব লক্ষণ দেখা দিলে অবহেলা করা উচিত নয়।


যেভাবে তৈরি হয় গ্যাংগ্রিন

ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে অনুভূতি কমে যায়। পাশাপাশি রক্ত চলাচল বাধাগ্রস্ত হতে পারে। এ অবস্থায় পায়ে পেরেক ফোটা, জুতার ঘষা, কেটে যাওয়া কিংবা পুড়ে যাওয়ার মতো ঘটনা ঘটলেও আক্রান্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন না।


পরবর্তী সময়ে ক্ষতস্থানে সংক্রমণ দেখা দেয়। চিকিৎসা না করালে সংক্রমণ ছড়িয়ে পায়ের টিস্যু নষ্ট হতে পারে, যা একপর্যায়ে গ্যাংগ্রিনে রূপ নিতে পারে।


বিশেষজ্ঞদের মতে, পায়ের কোনো অংশে রক্ত চলাচল মারাত্মকভাবে কমে গেলে সেই অংশ শুকিয়ে কালো হয়ে যেতে পারে। একে ড্রাই গ্যাংগ্রিন বলা হয়। অন্যদিকে সংক্রমণ বেড়ে পুঁজ জমা ও টিস্যু পচতে শুরু করলে তা আরও বিপজ্জনক হয়ে ওঠে। সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্ত অংশ অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে।


ডায়াবেটিক ফুটের ঝুঁকি এড়াতে করণীয়

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পায়ের যত্নে নিয়মিত কিছু অভ্যাস গড়ে তোলা জরুরি।


১. প্রতিদিন পা পরিষ্কার রাখতে হবে। পায়ের তলা, আঙুলের ফাঁক ও গোড়ালিতে কোনো ক্ষত, ফাটল বা অস্বাভাবিক পরিবর্তন আছে কি না, তা পরীক্ষা করতে হবে।


২. পায়ের ত্বক শুষ্ক হলে উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তবে আঙুলের ফাঁকে ক্রিম লাগানো উচিত নয়, কারণ সেখানে আর্দ্রতা জমে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।


৩. কখনো খালি পায়ে হাঁটা যাবে না। বাড়িতে ও বাইরে চলাচলের সময় আরামদায়ক এবং পায়ের মাপ অনুযায়ী জুতা ব্যবহার করতে হবে।


৪. পায়ের কোথাও ক্ষত, ফোসকা, ফাটল, পুঁজ বা রং পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজে নিজে চিকিৎসা কিংবা ক্ষত কেটে পরিষ্কার করার চেষ্টা করা যাবে না।


৫. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়মিত ওষুধ গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।


৬. পায়ের নির্দিষ্ট স্থানে বারবার চাপ পড়ে ঘা তৈরি হলে চিকিৎসকের পরামর্শে বিশেষ ধরনের অফলোডিং জুতা বা ইনসোল ব্যবহার করা যেতে পারে।


ডায়াবেটিসে কেমন জুতা ব্যবহার করবেন?

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জুতা নির্বাচনে বাড়তি সতর্কতা প্রয়োজন। আঁটসাঁট জুতা কিংবা জুতার ভেতরের শক্ত সেলাই পায়ে ঘর্ষণ তৈরি করে ক্ষত সৃষ্টি করতে পারে।


এ ক্ষেত্রে চওড়া ও আরামদায়ক জুতা ব্যবহার করা ভালো। জুতার সামনের অংশে আঙুল নড়াচড়ার পর্যাপ্ত জায়গা থাকতে হবে। পাশাপাশি নরম আস্তরণ, ভালো কুশনিং এবং পায়ের ওপর চাপ কমানোর উপযোগী ইনসোল থাকা জরুরি।


পা ফুলে গেলে, ড্রেসিং থাকলে কিংবা পায়ের গঠনে পরিবর্তন এলে পর্যাপ্ত জায়গা রয়েছে এমন বিশেষ জুতা ব্যবহার করতে হবে। যাদের আগে থেকেই ডায়াবেটিক ফুটের সমস্যা রয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপযুক্ত জুতা নির্বাচন করা উচিত।


বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসে পায়ের সমস্যা দেখা দেওয়ার পর চিকিৎসা নেওয়ার চেয়ে আগে থেকেই সতর্ক থাকা বেশি জরুরি। নিয়মিত পা পরীক্ষা, রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং সঠিক জুতা ব্যবহারের মাধ্যমে পায়ের ক্ষত ও গ্যাংগ্রিনের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তথ্যসূত্র: বিবিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম