টাইফুন ‘চাম্পি’র আঘাতে তাইওয়ানে নিহত ১, আহত পাঁচ শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৬, 11:06 AM
আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৬, 11:06 AM
টাইফুন ‘চাম্পি’র আঘাতে তাইওয়ানে নিহত ১, আহত পাঁচ শতাধিক
শক্তিশালী টাইফুন ‘চাম্পি’র আঘাতে তাইওয়ানে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, শনিবার (২৪ অক্টোবর) দ্বীপরাষ্ট্রটির ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়টির প্রভাবে প্রবল বাতাস ও ভারী বৃষ্টির পাশাপাশি বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
রয়টার্স জানিয়েছে, ঝড়ের সময় উত্তাল ঢেউয়ে ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। এ ছাড়া টাইফুনের তাণ্ডবে দেশটির বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে। একপর্যায়ে ১ লাখ ৬৭ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে অবশ্য অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে। ঝড়ের কারণে সড়ক ও আকাশপথেও যোগাযোগ বিঘ্নিত হয়েছে। তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ২৪২টি ফ্লাইট বাতিল করা হয়।
আগের দিন শুক্রবার (২৩ অক্টোবর) বাতিল হয়েছিল প্রায় এক হাজার ফ্লাইট।রাজধানী তাইপেতে প্রবল বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে তাইপেসহ উত্তর ও মধ্য তাইওয়ানের বিস্তীর্ণ এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো স্কুল ও অফিস বন্ধ রাখা হয়েছে। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, চলতি বছরের অন্যতম শক্তিশালী এই সুপার টাইফুনটি দেশটির উত্তর-পূর্ব উপকূল অতিক্রম করার পর দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে ঝড়টির কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১২৬ কিলোমিটার।
তাইওয়ান অতিক্রম করার পর চাম্পি এখন উত্তর দিকে মোড় নিয়ে চীনের উপকূলের দিকে এগোচ্ছে। পরবর্তী সময়ে এটি দক্ষিণ জাপানে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: রয়টার্স