সংবাদ শিরোনাম
NL24 News
২৫ মে, ২০২৬, 2:49 PM
জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি
-ইদুল আযহার নামাজের প্রস্তুতি সম্পন্ন
মো. জাহিদুর রহমান: আসন্ন ইদুল আযহা উপলক্ষে জাতীয় ইদগাহে ইদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এই জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সোমবার (২৫ মে) জাতীয় ইদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইদগাহের প্রস্তুতি সম্পন্ন করেছে। জাতীয় ইদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। জাতীয় ইদগাহ ময়দানে ৩০০০০ বর্গমিটার জায়গায় একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করবেন। ভিআইপি পুরুষ ২৫০ জন, নারী ৮০ জন, জনসাধারণ পুরুষ ৩১ হাজার ও ৩ হাজার ৫০০ নারী নামাজ আদায়ের জন্য নির্ধারিত স্থান রয়েছে। তিনি বলেন, ‘নামাজের জন্য ভিআইপি পুরুষ কাতার ৫টি, নারীদের জন্য ১টি নির্ধারিত। এ ছাড়া, জনসাধারণের জন্য ৬৫ টি বড় কাতার ও নারীদের জন্য ৫০টি ছোট কাতার হবে। এতে মোট কাতার ১২১টি হবে।’ ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ইদগাহে প্রবেশের জন্য ১টি ভিআইপি গেট থাকবে। ২টি পুরুষদের ও ১টি নারীদের প্রবেশের পথ নির্ধারণ করা হয়েছে। মোট ৪টি গেট থাকবে। নামাজ শেষ করে বের হওয়ার জন্য ভিআইপি ১টি ও পুরুষের জন্য ৫টি ও নারীদের জন্য ১টি গেট নির্ধারণ করা হয়েছে। মোট ৭টি গেট থাকবে। মুসল্লিদের সুবিধার জন্য জাতীয় ইদগাহে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান ও লাইটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে। সব মিলিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইদের প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। যদি আবহাওয়া খারাপ হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে।’তিনি জানান, নির্ধারিত স্থানে কোরবানি করার নির্দেশ দেয়া হয়েছে। কোরবানি শেষে বর্জ্য বায়োডিগ্রেডেবল ব্যাগে রাখার নির্দেশ দেয়া হয়েছে। এবং পর্যাপ্ত পানি দিয়ে পরিস্কার করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয়ার অনুরোধ করেন যাতে দুর্গন্ধ ছড়াতে নাপারে। এব্যাপারে নগরীর জনগণের সহায়তা কামনা করে বলেন, যত্রতত্র ময়লা ফেললে একদিকে যেমন গন্ধ ছড়াবে, ড্রেন ভরে গিয়ে ময়লা পানি চলাচলে ব্যাঘাত ঘটাবে ও বর্ষা মৌসুমে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি করবে। ইদুল আযহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিস্কার পরিচ্ছন্নতার সাথে জড়িত সকলের ছুটি বাতিল করা হয়েছে। ৮ ঘণ্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে অপসারণ করা হবে। এছাড়া নগরীর পাড়া-মহল্লা থেকে কুরবানির বর্জ্য ও হাটের বর্জ্য অপসারণের জন্য পর্যাপ্ত গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
সম্পর্কিত