ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

জাকিরের চোটে কপাল খুলল সাদমানের

#

ক্রীড়া প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২৩,  5:01 PM

news image

ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটের শুরুটা দারুণ করলেও পরের সিরিজেই দলে নেই জাকির হাসান। আঙুলের চোটে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে খেলতে পারছেন না এই ওপেনার। তার দুর্ভাগ্যই সৌভাগ্য বয়ে এনেছে আরেক বাঁহাতি ব্যাটসম্যানের জন্য। দলে ফিরেছেন সাদমান ইসলাম।  সবশেষ গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের জন্য ১৫ জনের দল থাকলেও এবার আইরিশদের বিপক্ষে স্কোয়াড ১৪ জনের। চোটের কারণে আগের টেস্টের দলে না থাকা ইবাদত হোসেন চৌধুরি ও শরিফুল ইসলাম ফিরেছেন দলে। চোট কাটিয়ে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালও ফিরেছেন অনুমিতভাবেই। 

বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম নুরুল হাসান সোহান ও ইয়াসির আলি চৌধুরি। বাংলাদেশের সবশেষ ৪ টেস্টেই একাদশে ছিলেন সোহান। তিনি না থাকায় আবারও হয়তো কিপিং গ্লাভস হাতে দেখা যাবে লিটন কুমার দাসকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টে দুটি ফিফটি করলেও ভারতের বিপক্ষে দেশের মাঠে চার ইনিংস মিলিয়ে সোহানের রান ছিল ৫৬। ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে ৪ ও ৫ রান করার পর মিরপুর টেস্টের একাদশে জায়গা হারান ইয়াসির। এবার বাদ পড়ে গেলেন স্কোয়াড থেকেই। এছাড়াও জায়গা হারিয়েছেন পেসার রেজাউর রহমান রাজা ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে অধিনায়ক সাকিব আল হাসানের বোলিং করা নিয়ে শঙ্কায় 'কাভার' হিসেবে রাখা হয়েছিল নাসুমকে। তিনি এখন চলে গেলেন বাইরে। ইবাদত-শরিফুল চোট কাটিয়ে ফেরায় যেমন বাইরে যেতে হলো রাজাকে। দলে ফেরা সাদমান তার ১৩ টেস্টের ক্যারিয়ারের সবশেষ ম্যাচটি খেলেছেন গতবছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে। ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়েতে সেঞ্চুরি করার পর টানা ১০ ইনিংসে ফিফটি নেই তার। তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি ঘরোয়া ক্রিকেটে।


ফেব্রুয়ারি-মার্চে বিসিএলে এক ম্যাচে ১৩০ রানের ইনিংসের পর আরেক ম্যাচে ক্যারিয়ার সেরা ২৪৬ রানের ইনিংস খেলেন তিনি সোয়া ১১ ঘণ্টা ক্রিজে কাটিয়ে। এর আগে গত ডিসেম্বরে ভারত 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের হয়ে আনঅফিসিয়াল টেস্টে 'ক্যারিং দা ব্যাট থ্রু আউট আ ইনিংস'-এর নজির গড়ে ৯৩ রানে অপরাজিত থাকেন প্রায় ৬ ঘণ্টা ব্যাট করে। নভেম্বরে জাতীয় লিগে দুই ম্যাচে করেন দুটি ফিফটি।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও জাকিরকে রাখা হয়েছিল। কিন্তু পরে তিনি ছিটকে যান আঙুলের চোটে। তার জায়গায় পরে নেওয়া হয় রনি তালুকদারকে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচটি শুরু মঙ্গলবার। ক্রিকেটের অভিজাত সংস্করণে এই প্রথম মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ দিয়ে প্রায় চার বছর পর টেস্ট খেলবে আইরিশরা।

বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়। 

দলে ফিরলেন: সাদমান ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, তামিম ইকবাল। 

বাদ পড়লেন: ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, নাসুম আহমেদ। 

চোটে ছিটকে গেলেন: জাকির হাসান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম