ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড়

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২৬,  11:25 AM

news image

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি ও স্বাধীনতা দিবসের বিরতি কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরছে রাজধানী ঢাকায়। আগামীকাল রোববার থেকে পুরোদমে অফিস-আদালত শুরু হতে যাওয়ায় শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। এবারের ঈদযাত্রায় ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকলেও ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই অতিরিক্ত ছুটি নিয়ে গ্রামে গিয়েছিলেন। সেই ছুটির মেয়াদ শেষ হওয়ায় আজ শেষ মুহূর্তে স্টেশনে যাত্রীদের চাপে তিল ধারণের ঠাঁই ছিল না। অনেক ট্রেনের ভেতরে কানায় কানায় পূর্ণ থাকার পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চড়েও অনেককে ফিরতে দেখা গেছে। কমলাপুর স্টেশনে চুয়াডাঙ্গার দর্শনা থেকে আসা ‘সুন্দরবন এক্সপ্রেস’-এর যাত্রী সাকিবুল ইসলাম জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। নিরাপদ ও আরামদায়ক যাত্রার জন্য ট্রেন বেছে নিলেও ভিড়ের কারণে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে ট্রেন নির্ধারিত সময়ে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করেন তিনি। অন্যদিকে, এসি কামরার যাত্রীদের মধ্যে কিছুটা ক্ষোভও দেখা গেছে। সুমি আক্তার নামে এক যাত্রী অভিযোগ করেন, তার এসি কামরার টিকিট থাকলেও দাঁড়িয়ে থাকা সাধারণ যাত্রীরা ভেতরে ঢুকে পড়ায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বলেন, “আসনবিহীন যাত্রীরা এসি কামরায় ঢুকে পড়ায় মালামাল নিয়ে ঝুঁকিতে থাকতে হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন।” ঈদের আগমুহূর্তে চিলাহাটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গগামী যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়লেও ফিরতি যাত্রায় ট্রেনগুলো সময়মতো গন্তব্যে পৌঁছাচ্ছে। নওগাঁ থেকে আসা যাত্রী ইমন মিয়া জানান, শুরুতে নিজের আসনে বসতে কষ্ট হলেও ট্রেন সঠিক সময়ে স্টেশনে পৌঁছেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আসিফ আহমেদ জানান, আসনবিহীন টিকিট না পেয়ে বাধ্য হয়েই ট্রেনের ছাদে চড়ে ঢাকায় ফিরতে হয়েছে। তবে রাষ্ট্রীয় সম্পদের প্রতি দায়বদ্ধতা থেকে স্টেশনে নেমে টিকিট কেটে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের চাপ সামলাতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আজ দিনভর কয়েক ডজন ট্রেন দেশের বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে। বিকেল ও রাতে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামীকাল রোববার সকাল থেকেই সচিবালয়সহ সরকারি-বেসরকারি সকল অফিস এবং ব্যাংক-বীমা পূর্ণোদ্যমে চালু হবে। সেই সঙ্গে চলতি সপ্তাহেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ফলে আজ রাত থেকেই ঢাকা তার চিরচেনা জনাকীর্ণ রূপে ফিরতে শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম