নিজস্ব প্রতিবেদক
০১ সেপ্টেম্বর, ২০২৫, 2:36 PM
গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রাম করেছে বিএনপি: মির্জা ফখরুল
বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকের এই দিনটি বিএনপির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সারাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কেননা এই দলটি গঠনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন, তা অনস্বীকার্য। বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করছে।’
তিনি বলেন, ‘বারবার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শ নিয়ে জেগে উঠেছে।’ আজ সোমবার সকালে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর কবরে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
গণমাধ্যমকে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি এ দেশের রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন নিয়ে এসেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে জিয়াউর রহমান আবার বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন।’
তিনি বলেন, ‘বিএনপির মূল আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াউর রহমান খুবই অল্প সময়ের মধ্যে রাজনৈতিক পরিবর্তন এনেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে তিনি মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করেছিলেন, যার ফলে অর্থনীতিতে আমূল পরিবর্তন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি গত ১৫ বছর যে সংগ্রাম করেছে, নির্বাসিত অবস্থায় তার নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিকে ধ্বংস করার জন্য প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এক হাজার ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। আল্লাহর রহমতে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি। ’
যেসব সংস্কার প্রস্তাব এসেছিল সেখানে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের সমর্থনের মধ্য দিয়ে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের রাজনৈতিক পরিবর্তন ঘটাবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটিয়ে নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
এসময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, সাইফুল আলম নীরব, মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পুস্পস্তবক অর্পণের পরে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।