ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস

#

স্পোর্টস ডেস্ক

০৩ অক্টোবর, ২০২৬,  11:36 AM

news image

এশিয়ান গেমসে এবার পদকশূন্য বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে লিটন দাসদের। হ্যাংঝু এশিয়ান গেমসে দুটি ব্রোঞ্জ জিতলেও এবার শূন্য হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস। পাশাপাশি এশিয়ান গেমসে অনুশীলনের সুযোগ-সুবিধার ঘাটতির কথাও তুলে ধরেছেন তিনি।


শ্রীলঙ্কার বিপক্ষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অবশ্য কোনো অজুহাত দিতে চাননি লিটন। তার সরল স্বীকারোক্তি, ‘আমরা বাজে ক্রিকেট খেলেছি।’ 


লিটন বলেন, ‘আমার কাছে মনে হয়েছে প্রথম আট ওভার পর্যন্ত আমরা ভালো বোলিং করেছি। এরপর আপনারা দেখেছেন, একটা ব্যাটসম্যান এসে যেরকম শট খেলেছেন কঠিন উইকেটে। সে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। আর বোলাররা কোনো ক্লু খুঁজে পায়নি এখান থেকে কীভাবে কামব্যাক করবে। অসাধারণ ইনিংস খেলার জন্য তাকে কৃতিত্ব দিতেই হয়।’


শ্রীলঙ্কার বড় সংগ্রহের জবাবে বাংলাদেশের ব্যাটিংও প্রত্যাশা পূরণ করতে পারেনি। লিটনের মতে, রান তাড়ায় শুরু থেকেই দল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। 


তিনি বলেন,‘আমরা যখন ব্যাটিংয়ে গিয়েছি, কোনোভাবেই তাদের ছুড়ে দেওয়া রান কাভার আপ করতে পারিনি। ব্যাটিং ওয়াইজ আমরা আজকে আপ টু দ্য মার্ক ছিলাম না।’


এশিয়ান গেমসে ব্রোঞ্জও না পাওয়ার হতাশা লুকাননি অধিনায়ক। লিটন জানান, দল এবার ফাইনাল খেলার লক্ষ্য নিয়েই জাপানে গিয়েছিল। ‘ব্রোঞ্জ জিততে না পারায় খারাপ লাগছে। এখানে ফাইনালের টার্গেট নিয়ে এসেছিলাম। সেটা যখন হয়নি, তারপর আরেকটা অপশন ছিল। সুযোগটা আমরা মিস করেছি,’ বলেন তিনি।


এদিকে এশিয়ান গেমসে ক্রিকেটারদের ঘোরাঘুরি ও শপিং নিয়ে ওঠা প্রশ্নেরও জবাব দিয়েছেন লিটন। সতীর্থদের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, ‘একটা প্লেয়ার কি সারাদিন রুমের ভেতর বন্দি হয়ে বসে থাকবে? এখানে খাবার-দাবার যখন একটা প্লেয়ারের কাভার হচ্ছে না, তখন তাকে তো রুম থেকে বের হতেই হবে। কারণ খেতে গেলে বাইরে যেতে হবে। আমাদের কাছে যদি অনুশীলন করার জন্য অপশন থাকত, তাহলে তো বাইরে যেতে হতো না।’


তবে অনুশীলনের সুযোগ-সুবিধার ঘাটতি শুধু বাংলাদেশের জন্য ছিল না, সেটিও স্বীকার করেছেন তিনি। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারের পর এই বিষয়টিকে দলের ব্যর্থতার একমাত্র কারণ হিসেবে দেখাতে চাননি। তার শেষ কথাটিও ছিল স্পষ্ট, ‘বাজে ক্রিকেট খেলেছি আমরা।’


অন্যদিকে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন লিটন। এশিয়ান গেমসে নিজের পারফরম্যান্স প্রত্যাশামতো হয়নি স্বীকার করে তিনি বলেন, ক্রিকেটে উত্থান-পতন থাকেই।


তিনি বলেন, ‘আমার পারফরম্যান্স আপ টু দ্য মার্ক ছিল না। আমি দুটো ম্যাচে খারাপ খেলেছি। ক্রিকেটে আপস অ্যান্ড ডাউন থাকেই। একদিন ভালো হবে আর একদিন খারাপ হবে। এই জন্য অধিনায়ক থেকে পদত্যাগ করার মতো এমন কী আছে। আমি পদত্যাগ করছি না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম